আইএমএফের তিন ধরনের সহায়তা প্রস্তাবে গভর্নরের ‘না’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন ধরনের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।বৈশ্বিক আর্থিক মন্দা মোকাবিলায় আইএমএফ কম আয়ের দেশগুলোর জন্য এই সহায়তার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবগুলো হচ্ছে আর্থিক খাত শক্তিশালী করতে ঋণসহায়তা, সার্বক্ষণিক ঋণ সুবিধা ও জরুরি ভিত্তিতে ঋণসুবিধা।বাংলাদেশ ব্যাংকের মিলনায়তনে আজ বুধবার ‘বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে কম আয়ের দেশগুলোর প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে আইএমএফের প্রতিনিধি জানকিস মারটিন এই প্রস্তাবগুলো তুলে ধরেন। সেমিনারের আয়োজক আইএমএফ নিজেই।আইএমএফের এই প্রস্তাবের জবাবে আতিউর রহমান বলেন, যেসব কারণে আইএমএফ এই ধরনের সহায়তাগুলো দিতে চায়, তার কোনোটার মধ্যেই বাংলাদেশ পড়ে না। বাংলাদেশের অবস্থান আরও ভালো। তিনি বরং বৈশ্বিক মন্দা মোকাবিলায় বাংলাদেশ যেভাবে সফল হয়েছে, তা সমীক্ষা করতে আইএমএফকে পরামর্শ দেন।গভর্নর বলেন, বৈশ্বিক মন্দায় বাংলাদেশের রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক। তবে এ জন্য সরকার তাদের প্রণোদনা দিয়েছে। নতুন রপ্তানিপণ্য ও রপ্তানির নতুন বাজার খুঁজে বের করাতেও সরকার প্রণোদনা দিচ্ছে।এর বাইরে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) উচ্চ প্রবৃদ্ধি, অভ্যন্তরীণ চাহিদা রয়েছে বলে গভর্নর উল্লেখ করেন। তিনি বরং বৈশ্বিক মন্দা মোকাবিলায় সফল হওয়ায় বাংলাদেশকে পুরস্কার হিসেবে বাজেট সহায়তা দেওয়ার আহ্বান জানান।সেমিনারে ঢাকায় আইএমএফের মিশনপ্রধান এতেরি কিনত্রাজে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।