আইএমএফের পূর্বাভাস, প্রবৃদ্ধি হবে ৫.৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএ)। ১৮ মাস ধরে সামষ্টিক অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তাতে এ বছর প্রবৃদ্ধির হার কমে আসার এই আশঙ্কা করছে সংস্থাটি।ঢাকা সফররত আইএমএফের মিশনপ্রধান এবং দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ডেভিড কাউয়েন আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ পূর্বাভাস দেন। তিনি একই সঙ্গে বলেন, আইএমএফ বাংলাদেশের জন্য যে সম্প্রসারিত ঋণসুবিধা (ইসিএফ) দিয়েছে, তার আওতায় সরকার যেসব সংস্কারমূলক কার্যক্রম নিয়েছে, সেগুলো যথাযথ বাস্তবায়ন করা গেলে ২০১৫ সাল নাগাদ দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত হতে পারে।প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কমে যাওয়ার কারণগুলো বর্ণনা করতে গিয়ে ডেভিড কাউয়েন বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ অনেক কম। রপ্তানি ও প্রবাসী আয়ে প্রবৃদ্ধিও আগের চেয়ে কমে এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে। বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে তৈরি হয়েছে চাপ। অন্যদিকে মূল্যস্ফীতি বাড়ছে ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ডেভিড কাউয়েন। এ সময় ঢাকায় সংস্থার আবাসিক প্রতিনিধি ইতেরি ভিনত্রাজেসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কাউয়েন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।কাউয়েন সরকারের ব্যাংকঋণ কমানো, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বৃদ্ধির তাগিদ দেন। নতুন ব্যাংক-সংক্রান্ত এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছু শর্ত সাপেক্ষে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এসব শর্ত পরিপালনে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি থাকবে বলেও আশা করেন তিনি।অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলারের যে ঋণ অনুমোদন দিয়েছে, তাতে কোনো শর্ত নেই। সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইএমএফ কিছু প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে। অনুমোদিত ঋণের অর্থ বাংলাদেশ বাজেটনীতি, মুদ্রানীতি, আর্থিক খাতসহ বিভিন্ন খাতে ব্যয় করতে পারবে। এ ঋণ-সহায়তার যথাযথ ব্যবহার হবে বলে তাঁরা আশা করেন।আরেক প্রশ্নের জবাবে কাউয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিরতা জরুরি। এ সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় এসেছে। অর্থনৈতিক উন্নয়নে সব রাজনৈতিক দলের ঐকমত্য তৈরি করতে একত্রে বসতে হবে বলে মত দেন তিনি।আইএমএফের কাছ থেকে সরকারের নেওয়া ঋণ বিতরণের আগে দেশের অর্থনীতির বিভিন্ন খাতের পর্যালোচনায় সংস্থাটির পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল ১৮ এপ্রিল ঢাকায় আসে। কাল বৃহস্পতিবার তাদের ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।প্রথম কিস্তির অর্থ জমা: আইএমএফের অনুমোদন দেওয়া ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণের প্রথম কিস্তির অর্থ জমা হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ঋণের ১৪ কোটি ১০ লাখ ডলার যোগ হয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে এক হাজার ১৫ কোটি ৩০ লাখ ডলার। আইএমএফের ঋণের অর্থ আগামী তিন বছরে মোট সাতটি কিস্তিতে পাওয়া যাবে।