এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কানকে গত সোমবার নিউইয়র্কের রাইকার্স দ্বীপের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নিউইয়র্কের একটি আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। ২০ মে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত শনিবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এয়ার ফ্রান্সের একটি বিমান থেকে স্ত্রস কানকে গ্রেপ্তার করা হয়। নিউইয়র্কের একটি হোটেলের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই বিমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে কানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।আদালতে জামিন চেয়ে কানের পক্ষে আবেদন করেন আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান। তিনি দাবি করেন, স্ত্রস কান নির্দোষ। কান পালিয়ে যাওয়ার জন্যই প্যারিসগামী বিমানে ওঠেন—এমন অভিযোগের বিরোধিতা করে বেঞ্জামিন বলেন, বিমানবন্দর থেকে কান হোটেল কর্তৃপক্ষের কাছে ফোন করে তাঁর স্যুইটে মুঠোফোন ফেলে আসার কথা জানিয়েছিলেন। বেঞ্জামিন দাবি করেন, পালানোর পরিকল্পনা থাকলে তিনি এমনটা করতেন না।জামিন আবেদনের বিরোধিতা করে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জন ম্যাককনেল আদালতে বলেন, স্ত্রস কান হোটেলের ওই নারী কর্মীকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি তাঁকে আক্রমণ করেন। আর তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এদিন ওই আদালতে অন্য কয়েকটি মামলায় মাত্র ৫০০ থেকে কয়েক হাজার ডলারের জামিন থাকলেও কানের আইনজীবীরা তাঁর মুক্তির জন্য ১০ লাখ ডলার জামিনের প্রস্তাব দিয়েছিলেন।দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক মেলিসা জ্যাকসন স্ত্রস কানের জামিন আবেদন নাকচ করে দেন। তিনি বলেন, ঘটনার পর কান নিউইয়র্ক ছেড়ে যাওয়ার জন্য প্যারিসগামী বিমানে উঠেছিলেন। এটা উদ্বেগের বিষয়। এ কারণে বিভিন্ন প্রশ্ন উঠছে। তিনি ২০ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ সময় আদালতে উপস্থিত স্ত্রস কানকে চিন্তিত দেখাচ্ছিল।জামিন আবেদন নাকচ হওয়ার পর কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান বলেন, ‘আমরা অবশ্যই কানকে নির্দোষ বলে প্রমাণ করতে পারব। আইনি লড়াই শুরু হলো মাত্র।’ কানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টাসহ সাতটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।রাইকার্স দ্বীপের ওই কারাগারে ১৩ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের পৃথক একটি কক্ষে কানকে রাখা হয়েছে। নিউইয়র্ক সংশোধনী বিভাগের একজন মুখপাত্র জানান, কানকে তাঁর নিরাপত্তার স্বার্থে অন্য বন্দীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।উল্লেখ্য, কান গত শনিবার নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে সোফিটেল হোটেলে নিজের স্যুইটে ৩২ বছর বয়সী এক পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।এদিকে ৩১ বছর বয়সী ফরাসি এক ঔপন্যাসিক ত্রিস্তান ব্যানন অভিযোগ করেছেন, দমিনিক কান ২০০২ সালে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এ ব্যাপারে তিনি ফৌজদারি মামলা করতে পারেন। ২০০৭ সালে ফ্রান্সের এক টেলিভিশন সাক্ষাৎকারে কানের বিরুদ্ধে প্রথম ধর্ষণ চেষ্টার অভিযোগ আনেন ব্যানন।প্রসঙ্গত, ২০০৮ সালেও যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে কানের বিরুদ্ধে। সেবার আইএমএফের উচ্চপদস্থ একজন নারী অর্থনীতিবিদের সঙ্গে এমন আচরণ করায় ক্ষমা চেয়েছিলেন কান। তবে তাঁর সমর্থকেরা বলছেন, নারীদের পটানোর দক্ষতা নিয়ে বরাবর বাহাদুরি করায় কান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হয়ে ৬২ বছর বয়সী কানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিরুদ্ধে কানই সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু নির্বাচনের প্রায় বছর খানেক আগে তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন।আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তারা অবগত। সব ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। ২০০৭ সাল থেকে আইএমএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কান। বিবিসি, রয়টার্স।