আইএসআই বিএনপিকে নয়, পিএনপিকে অর্থ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, আইএসআই বিএনপিকে নয়, পাকিস্তানের রাজনৈতিক দল পিএনপিকে অর্থ দিয়েছিল। সেটাকে বিএনপি বানিয়ে এখানে অপপ্রচার চালানো হয়েছে।সরকারের শীর্ষ পর্যায় থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘এটা রাষ্ট্রীয় লজ্জা।’ বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেও তিনি মন্তব্য করেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ সংযোজন করেছেন। তিনি প্রশ্ন করেন, ‘লোডশেডিংয়ের কোনো উন্নতি হয়নি। তাহলে বিদ্যুত্ গেল কোথায়?’ তাঁর অভিযোগ, সরকার কমিশন খাওয়ার জন্য কুইক রেন্টাল বসিয়েছে।গত তিন বছরে দেশে নয় হাজার ১০৪টি হত্যাকাণ্ড, ৪০৪টি ক্রসফায়ারসহ গুম-অপহরণের ঘটনা ঘটেছে বলে খন্দকার মোশাররফ মন্তব্য করেন। তিনি বলেন, বেডরুম, অফিস, রাস্তা—কোথাও মানুষ নিরাপদ নয়। সরকারের হাতে জনগণের কোনো নিরাপত্তাই নেই। আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থেকে লুটপাট করা।বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, দেশে স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে কিছু নেই। খুনিদের রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার সমালোচনা করে বলেন, অনেকে বলেন এটি বিএনপির আমলে হয়েছে। যদি এমনটি সে সময়ে হয়ে থাকে, তাহলে অন্যায় হয়েছে। খুনিদের মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করে তিনি বলেন, ‘এটি বাতিল করে দেওয়া উচিত। কারণ এতে খুনিরা উত্সাহিত হয়।’