আইএসআইকে আবারও বাধতে ব্যর্থ পিপিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে সরকার ও পার্লামেন্টের কাছে আরও জবাবদিহি করার লক্ষ্য নিয়ে আনা বিল সিনেট থেকে প্রত্যাহার করা হয়েছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর গত সপ্তাহে সিনেটে প্রস্তাবিত আইএসআই (কর্মপরিধি, ক্ষমতা ও বিধিমালা) আইন-২০১২ নামের বেসরকারি বিলটি পেশ করেন। তবে আইনমন্ত্রী ফারুক এইচ নায়েকের নেতৃত্বে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একটি বিশেষ কমিটি এই বিলে সম্মতি দেয়নি। বেসরকারিভাবে আনা বিলগুলো সাধারণত এই কমিটি পর্যালোচনা করে।বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়ে বলেছে, এই বিলটি পাস হলে প্রভাবশালী এই গোয়েন্দা সংস্থাকে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হতো। রাজনৈতিক দলগুলোকে হয়রানি ও নেতাদের গুম করার যে অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে আছে, তার অবসান ঘটিয়ে অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিতের সুপারিশ ছিল বাবরের আনা বিলে।এর আগে ২০০৮ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আইএসআইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ নিয়েছিলেন। তবে সামরিক বাহিনীর আপত্তির মুখে তা বাস্তবায়ন করা যায়নি।এদিকে আজ পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, গতকাল রাতে ইসলামাবাদে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, সেনাবাহিনীর প্রধান আশফাক পারভেজ কায়ানি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান এবং অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর জন্য রসদ জোগান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, পাক-মার্কিন সম্পর্ক এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে সরিয়ে দিলেও আগামী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গ্রহণ করবে না বা আগাম নির্বাচন দেবে না ক্ষমতাসীন দল পিপিপি। পিপিপির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে ডন এ কথা জানায়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী আশরাফকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে সুইজারল্যান্ড সরকারের কাছে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী এই নির্দেশ না মানলে আদালত অবমাননার জন্য তাঁরও পরিণতি পূর্বসূরি ইউসুফ রাজা গিলানির মতো হতে পারে। সুপ্রিম কোর্ট গিলানিকে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালু করতে সুইস সরকারের কাছে চিঠি দেওয়ার নির্দেশ দেন। গিলানি ওই নির্দেশ না মানায় আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর প্রধানমন্ত্রী নির্বাচিত হন আশরাফ।