আইএসআইকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে যুক্তরাষ্ট্র
পাকিস্তানের আন্তগোয়েন্দা সংস্থাকে (আইএসআই) বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী সংগঠনগুলোর একটি বলে মনে করে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া মার্কিন গোপন সামরিক নথি থেকে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বন্দীর অনেককে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে ১৫০ জনেরও বেশি নিরপরাধ ব্যক্তিকে বছরের পর বছর সেখানে আটকে রাখা হয়েছিল। ফাঁস হওয়া গোপন মার্কিন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আইএসআই ছাড়া আল-কায়েদা, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের গোয়েন্দা সংস্থাসহ ৩৬টি সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। মার্কিন গোপন নথি অনুযায়ী, গুয়ানতানামো বন্দিশিবিরে এসব সংগঠন বা সংস্থার লোকজনকে জিজ্ঞাসাবাদের সময় তাঁদের সন্ত্রাসী সংগঠনের কর্মী হিসেবেই উল্লেখ করা হয়।উইকিলিকসে ফাঁস করা কিছু নথিপত্রের অংশবিশেষ গত রোববার দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ডেইলি টেলিগ্রাফসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়। নথি থেকে জানা যায়, গুয়ানতানামোয় আটক বন্দীদের অনেকেই ছিল নিরপরাধ অথবা নিচু স্তরের জঙ্গি। সেখানে আটক ৭৮০ জনের সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে। এদের অতীত বিশ্লেষণ করা হয়েছে। এতে ২২০ জনকে বিপজ্জনক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩৮০ জনকে চিহ্নিত করা হয়েছে নিচু সারির আল-কায়েদা যোদ্ধা বা জঙ্গি হিসেবে। তবে আটক ১৫০ জন ছিল একেবারেই নিরপরাধ। তাঁরা আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। তাঁরা হলেন গাড়িচালক, কৃষক ও বাবুর্চি। এ ছাড়া বন্দীদের মধ্যে ১৪ বছরের এক বালকসহ ২০ জন কিশোরও ছিল।নথিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ষড়যন্ত্র সম্পর্কেও বিস্তারিত বর্ণনা রয়েছে। বন্দীদের জিজ্ঞাসাবাদ করে এ ষড়যন্ত্র সম্পর্কে জানা যায়।জ্যেষ্ঠ আল-কায়েদা নেতা শেখ মোহাম্মদ জিজ্ঞাসাবাদে জানান, যদি ওসামা বিন লাদেনকে আটক কিংবা হত্যা করা হয়, তাহলে ইউরোপে পরমাণু বোমা হামলা চালানো হবে। তিনি বলেন, আল-কায়েদা ইউরোপে একটি পরমাণু বোমা লুকিয়ে রেখেছে। তবে তাঁর এই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সরকারি ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সায়ানাইড রাখার পরিকল্পনাও হয়েছিল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিজেদের লোক নিয়োগের পরিকল্পনাও ছিল আল-কায়েদার।গুয়ানতানামোয় বর্তমানে প্রায় ১৮০ জন বন্দী রয়েছেন। নথিতে বলা হয়, এঁদের বেশির ভাগকেই যদি পর্যাপ্ত তত্ত্বাবধান ছাড়া মুক্তি দেওয়া হয়, তাহলে তাঁরা যুক্তরাষ্ট্রের জন্য অতি ঝুঁকিপূর্ণ হুমকি হয়ে দাঁড়াতে পারেন।যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকেরা বিপজ্জনক জঙ্গি হিসেবে যাঁদের বিবেচনা করেছিলেন, তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার সন্দেহভাজন হোতা খালিদ শেখ মোহাম্মদ রয়েছেন। এ ছাড়া ২০০০ সালে ইয়েমেনে ইউএসএস কোলে হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত সৌদি নাগরিক আবদ আল-রহিম আল-নাসিরিও এ তালিকায় রয়েছেন।তবে এই তথ্য ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেকায়দায় পড়েছে। কারণ, গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের একজনের সঙ্গে আল-কায়েদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর নাম আবু সুফিয়ান কুমু। তিনি দুই দশক ধরে চরম সহিংস তৎপরতায় জড়িত ছিলেন। আল-কায়েদার দুটি শিবিরে তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আল-কায়েদা তখন তালেবানের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। সূত্র: এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।