পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে সংসদে সরকারি দলের সাংসদদের আক্রমণের মুখে পড়ার আশঙ্কা করছেন বিএনপির সাংসদেরা। এর জবাবে বিরোধী দলের সাংসদেরা পাল্টা আওয়ামী লীগের টাকা নেওয়ার বিষয় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তথ্য-উপাত্ত জোগাড় করছে দলটি।আজ রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে পারে বিএনপি। এর আগে বিকেলে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে সংসদে যাবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বিজেপির সাংসদেরা।পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইএসআইয়ের সাবেক প্রধান শুনানিতে বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনের সময় তাঁরা বিএনপিকে পাঁচ কোটি রুপি দিয়েছিলেন। ‘ভারতপন্থী’ আওয়ামী লীগকে ঠেকাতে তাঁরা এ সহায়তা দিয়েছেন বলে দাবি করেন তিনি।বিএনপির কয়েকজন সাংসদ প্রথম আলোকে বলেন, বিরোধী দল যখন সংসদে নির্দলীয় সরকারের বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তখন আইএসআইয়ের এ বক্তব্য তাঁদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তাঁরা বলেন, এ দেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিদেশ থেকে টাকা নেওয়া নতুন কিছু নয়। কিন্তু কখনো তারা এসব তথ্য প্রকাশ করে না।বিরোধী দলের একজন সাংসদ বলেন, ‘সরকারি দলের একজন সাংসদ আমাকে ঠাট্টা করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলার সঙ্গে সঙ্গে আইএসআইয়ের টাকার হিসাবটাও দিয়েন। ওই সাংসদ ঠাট্টা করলেও মনে হচ্ছে, সংসদে এ নিয়ে আমরা আক্রমণের মুখে পড়ব।’নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন জ্যেষ্ঠ সাংসদ গত শুক্রবার রাতে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য স্পর্শকাতর হয়। এ জন্য তারা অতিগোপনীয় এসব তথ্য কেবল সরকারপ্রধান ও গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় কমিটিকে অবহিত করে। কিন্তু জনসমক্ষে তাদের কার্যক্রমের তথ্য দেয় না। পাকিস্তানে যে মামলা চলছে, সেখানে মূলত দেশের ভেতরে কোন দলগুলোকে আইএসআই টাকা দিয়েছে, তা জানতে চাওয়া হয়েছিল।বিএনপি টাকা নিয়েছে কি না, জানতে চাইলে ওই নেতা বলেন, এটা দলের উচ্চপর্যায় থেকেই কেবল বলতে পারবে।অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকা নেওয়ার বিষয়ে প্রমাণ থাকলে তা উপস্থাপন করতে বলেছেন। আইএসআইয়ের সাবেক প্রধানকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদকে তিনি মিথ্যা, বানোয়াট বলেছেন। তাঁর দাবি, বিএনপি কখনো বিদেশের টাকায় চলে না। বরং আওয়ামী লীগ বিদেশ থেকে বস্তা বস্তা টাকা এনে নির্বাচন করেছে।