আইএসপিআর খালেদার বাড়ি নিয়ে নাটক করেছে: রফিকুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গতকাল রোববার সেনানিবাসে মঈনুল সড়কে খালেদা জিয়ার বাড়িতে সাংবাদিক নিয়ে যাওয়া আসলে আইএসপিআরের সাজানো নাটক। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবে কম কথা বলেন। কিন্তু আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক যে বক্তব্য দিয়েছেন, তা ছিল আক্রমণাত্মক।রফিকুল ইসলাম মিয়া প্রশ্ন রেখে বলেন, ‘আপনি এত স্বচ্ছ হলে খালেদা জিয়া থাকাকালীন বাড়িটি দখল নেওয়ার সময় সাংবাদিকদের নিয়ে গেলেন না কেন?’আইএসপিআর গতকাল যা দেখিয়েছে তা বাস্তব না সাজানো নাটক— জনগণ তা জানতে চায়। আইনের বিধান অনুযায়ী বাড়ি থেকে উচ্ছেদের সময় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ির মালামালের তালিকা করতে হয়। এখানে আইনের অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘গতকাল ঘটা করে নাটক করা হয়েছে।’খালেদা জিয়ার মানসম্মান নষ্ট করার জন্য এটা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন বলেন, ‘কয়েক মাস ধরে বলে আসছি বাংলাদেশের বিচার বিভাগকে অ্যাটর্নি জেনারেল কলঙ্কিত করেছেন। দুই বিচাপতিকে শপথ দিতে প্রধান বিচারপতিকে বাধ্য করা হয়েছে।’ খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গে তিনি বলেন,‘ভাড়াটিয়া যদি ভাড়া না-ও দেয়, তাহলেও তাকে জোর করে উচ্ছেদ করা যায় না। খালেদা জিয়াকে উচ্ছেদের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে মাস্তানি করা হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাঁকে বেরে করে দেওয়া হয়েছে। যাকে আমি রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলছি।’ মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল সরকার ও আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। আইএসপিআরও সরকারের পক্ষে কাজ করেছে।এ সময় অন্যদের মধ্যে আইনজীবী নিতাই রায় চৌধুরী, কায়সার কামাল, জামিল আক্তার এলাহী, গাজী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।