যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আইওয়া অঙ্গরাজ্যের ককাসে নজিরবিহীন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এতে অতি সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন মিট রমনি। সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন রিক স্যানটোরাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় চূড়ান্ত মনোনয়ন পেতে নেতাদের যে দুটি দীর্ঘ প্রাথমিক নির্বাচন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তা ককাস ও প্রাইমারি নামে পরিচিত। প্রথাগতভাবে অঙ্গরাজ্যগুলোর মধ্যে আইওয়া ককাসই প্রথমে হয়ে থাকে। আইওয়ায় বিজয়ী রমনির সঙ্গে স্যানটোরামের ব্যবধান মাত্র আট ভোট। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও এবারের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম ফেভারিট রমনি ৩০ হাজার ১৫ ভোট পেয়েছেন। পেনসিলভানিয়ার সাবেক সিনেটর স্যানটোরাম পেয়েছেন ৩০ হাজার সাত ভোট। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফল গতকাল বুধবার ঘোষণা করা হয়। শীর্ষে থাকা দুই প্রার্থীই ২৫ শতাংশ করে ভোট পেয়েছেন। তৃতীয় হওয়া টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান রন পল ২১ ও সাবেক স্পিকার নিট গিংরিচ ১৩ শতাংশ ভোট পেয়েছেন।কয়েক সপ্তাহ আগেও জনমত জরিপে রমনির চেয়ে বেশ পিছিয়ে ছিলেন রিক স্যানটোরাম। রিপাবলিকান নেতা হিসেবে রমনি ও স্যানটোরাম দুজনই রক্ষণশীল। দুজনই অভিবাসনের ব্যাপারে কঠোর এবং গর্ভপাত ও সমলিঙ্গের বিয়ের বিরোধী। রমনি করপোরেট আয়কর ও বিধিবিধানের নিয়ন্ত্রণ হ্রাস এবং ওবামার চালু করা গরিবমুখী স্বাস্থ্যসেবা কর্মসূচি বাতিল করতে চান। স্যান্টোরামও ওবামার স্বাস্থ্যসেবা বাতিলের পক্ষে। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোরও পক্ষপাতী। আগামী মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের প্রাইমারি অনুষ্ঠিত হবে। জরিপে এখানেও এগিয়ে আছেন রমনি।