আইজির পদমর্যাদা বাড়ছে, বিশেষ ভাতা পাবে পুলিশ
আইজি সমমানের ১০টি নতুন পদের আশ্বাস প্রধানমন্ত্রীর
পুলিশ বাহিনীতে মহাপরিদর্শকের (আইজিপি) সমমানের ১০টি নতুন পদ সৃষ্টি করা হবে। বাহিনীপ্রধানের মর্যাদা হবে সেনাবাহিনীর তিন তারকা জেনারেলের সমান। বাড়বে প্রথম শ্রেণীর কর্মকর্তার সংখ্যা। এ ছাড়া ছুটির দিনে কাজ করার জন্য পুলিশ সদস্যরা পাবেন বিশেষ ভাতা।গতকাল বুধবার সকালে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব ব্যাপারে নীতিগত সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন।পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সব জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি, বিশেষ ভাতা, যানবাহন ও ঝুঁকি ভাতা বাড়ানোসহ সব দাবি বিবেচনায় নিয়ে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না বলে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। কারও নাম উল্লেখ না করে শেখ হাসিনা মন্তব্য করেন, যারা দুর্নীতি নিয়ে ‘বেশি অনুসন্ধান’ করে, তাদের ধরলে আরও বড় দুর্নীতির খোঁজ পাওয়া যাবে। বৈঠকে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, এতে চারজন কর্মকর্তা পুলিশ বাহিনীর বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দপ্তরের এআইজি মাহাবুবুর রহমান ও চট্টগ্রাম পুলিশের উপকমিশনার আমেনা বেগম। এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত উপমহাপরিদর্শক এ কে এম শহীদুল হকও বক্তব্য দেন। বৈঠকে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি তাঁর বক্তব্যে পুলিশের পদমর্যাদার বিষয়টি তোলেন। ডিআইজি বলেন, স্বাধীনতার পর থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পুলিশপ্রধানের র্যাংক ছিল তিন তারকা জেনারেলের সমমানের। ১৯৮৩ সালে তা কমিয়ে দুই তারকা করা হয়। অনেক দেশে চার তারকা জেনারেলের পদমর্যাদার পুলিশপ্রধান আছেন বলে উল্লেখ করেন ডিআইজি। পুলিশের আইজির পদকে তিন তারকা সমমানের করার প্রস্তাব করেন তিনি।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, পুলিশ সাপ্তাহিক কোনো ছুটি কাটায় না। কিন্তু এর বিনিময়ে সে কোনো ভাতা পায় না। পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুর রহমান বলেন, পুলিশ বাহিনীতে গ্রেড-১ ভুক্ত পদ (সচিব মর্যাদার) মাত্র একটি। এ পদে আছেন আইজি। অথচ পুলিশ বাহিনীর ক্যাডারের বিবেচনায় এ পদের সংখ্যা কমপক্ষে ১০টি হওয়া উচিত। তিনি নতুন ১০টি পদ তৈরির প্রস্তাব করেন।চট্টগ্রাম পুলিশের উপকমিশনার আমেনা বেগম বলেন, পরিদর্শকদের প্রথম শ্রেণী ও উপপরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করা হলে এ বাহিনীর কাজের মান বাড়বে। বৈঠকের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবগুলোর ব্যাপারে সম্মতি জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর বিদ্যমান সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঝুঁকি ভাতাসহ প্রয়োজনীয় সব দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে। আবাসন ও যানবাহন সমস্যাও মেটানো হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনাদের পূর্ণ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনারা বেতন পাচ্ছেন।’বৈঠকের ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, এসব বাস্তবায়িত হলে পুলিশ বাহিনী বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। পুুলিশ সপ্তাহের কর্মসূচির মধ্যে গতকাল দুপুরে রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিকেলে পুলিশের আইজির সঙ্গে কর্মকর্তাদের বৈঠক, সন্ধ্যায় অপরাধবিষয়ক সম্মেলন ও বিশেষ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। অপরাধ সম্মেলনে উপস্থিত সূত্র জানায়, এবারের সম্মেলনে বার্ষিক অপরাধের পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়। এতে দেখা যায়, কিছু অপরাধ কম হয়েছে আর কিছু অপরাধ বেড়েছে। আইজি অপরাধ কমিয়ে আনার ব্যাপার কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।