আইজিপির পদমর্যাদা তিন তারকা জেনারেলের সমান
তিন তারকা জেনারেলের সমান পদমর্যাদা পেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আজ পুলিশের মহাপরিদর্শকের পদটি ‘সিনিয়র সচিব’ পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। তিনি ৪২ হাজার টাকার স্কেলে বেতন পাবেন।পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, এ পদটি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেলের পদের সমান হবে। আইজিপি এখন থেকে একই ধরনের র্যাংক ব্যাজ পরবেন।পুলিশ বাহিনী প্রধানের পদটি তিন তারকা জেনারেলের সমান করা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল পুলিশ প্রশাসন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা হচ্ছিল না। এর মধ্যে প্রধানমন্ত্রী পদটি উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু আইজিপির পদ উন্নীত হওয়ার আগেই প্রশাসনের আটজন সচিবের পদ উন্নীত করা হয়। এ নিয়ে পুলিশ প্রশাসনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল।উল্লেখ্য, স্বাধীনতার পর পুলিশপ্রধানের মর্যাদা তিন তারকা জেনালের সমান ছিল। কিন্তু এরশাদ সরকারের আমলে এক তারকা নামিয়ে দেওয়া হয়।