আইজ্যাক হাইতি মারিয়ে কিউবার দিকে
গ্রীষ্মকালীন ঝড় আইজ্যাকের প্রভাবে সৃষ্ট প্রবল বাতাস ও বৃষ্টি আঘাত হেনেছে ক্যারিবীয় রাষ্ট্র হাইতির ওপরে। ঝড়ে সৃষ্ট ভারী বর্ষণে দেশটিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি)। এনএইচসি বলছে, ঝড়টি হাইতি মারিয়ে কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। দুর্যোগ সহায়তা কর্মীরা সতর্ক করে বলেছে, ঝড়ে ২০১০ সালে প্রাণঘাতী ভূমিকম্পের পর বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া চার লাখ হাইতিবাসী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাইতির প্রতিবেশী এলাকা ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ও ফ্লোরিডার একাংশেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এনএইচসি জানিয়েছে, হাইতিতে বয়ে যাওয়া ঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি বেড়েছে। সংস্থাটি আরও জানায়, ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতির যৌথ মালিকানার দ্বীপ হিস্পানিওলাতে আঘাত হানা আইজ্যাক হারিকেন ঝড়ের মতো শক্তিশালী নয়। তবে ঝড়ে হাইতিতে মারাত্মক ধ্বংস যজ্ঞ তৈরি হতে পারে। এদিকে ঝড়ের কবলে থাকা ক্যাম্পে অবস্থানকারী চার লাখ হাইতিবাসীকে দেখতে দক্ষিণাঞ্চলে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল মারতেল্লি। তিনি বলেন, দক্ষিণ উপকূল ফের ঝড়ে আঘাতপ্রাপ্ত হতে পারে। তবে রাজধানী পোর্ট অব প্রিন্সের অবস্থাও শোচনীয়। এখানে সামান্য একটু বৃষ্টিতেই ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে।