আইটি নীতিমালা ভঙ্গে এগিয়ে ভারতীয়রা
প্রতিটি করপোরেট হাউসেরই তথ্যপ্রযুক্তি বিষয়ে নিজস্ব কিছু নীতিমালা থাকে। করপোরেট হাউসে কর্মরত লোকজনকে সেই নীতিমালা অক্ষরে-অক্ষরে মেনে চলতে হয়। কিন্তু গবেষণা বলছে, ভারত এমন একটি দেশ যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আইটি নীতিমালা ভাঙা হয়। করপোরেট হাউসের নির্দিষ্ট নীতিমালা ভেঙে ভারতীয়রাই সবচেয়ে বেশি নিষিদ্ধ কর্মকাণ্ড করে থাকে।এই নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড থেকে শুরু করে পর্নো ওয়েবসাইটে ঢুঁ মারা পর্যন্ত! এ ছাড়া অফিসের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভারতীয়রা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন সফটওয়্যারও ডাউনলোড করে থাকে।তথ্যপ্রযুক্তি নীতিমালা ভাঙার এই বৈশ্বিক অভ্যাসের তালিকায় ভারতীয়দের পরপরই রয়েছে রুশ ও ভিয়েতনামিদের অবস্থান।‘আমরা নিয়মিতই অফিসে গান, ভিডিও ও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে থাকি। জানি, বিষয়টি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি নীতিমালার পরিপন্থী, কিন্তু আমরা এগুলো করে থাকি।’ শ্রীরাম অনন্ত রমন নামের একজন ভারতীয় এ মন্তব্য করেছেন। সবচেয়ে মজার ব্যাপার, এ গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ভারতীয়ই প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি নীতিমালা নিয়ে সচেতন নয়; এমনকি অফিসে বসে গান, ভিডিও ও সফটওয়্যার ডাউনলোড করা যে নীতিমালা পরিপন্থী—এ তথ্যটিই অনেকে জানে না।এদিকে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিসকো’ এক জরিপেও একই তথ্য তুলে ধরেছে। তাদের জরিপ অনুযায়ী ৩৩ শতাংশ ভারতীয় বোঝেই না যে অফিসে বসে গান, বিভিন্ন ভিডিও ডাউনলোড তথ্যপ্রযুক্তি নীতিমালার পরিপন্থী।সিসকো বিশ্বের কয়েকটি দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তির তরুণদের ওপরও একটি জরিপ চালিয়েছে। এ জরিপ যে দেশগুলোর ওপর পরিচালিত হয়েছে, এর মধ্যে রয়েছে—চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, রাশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। জরিপে অংশ নেওয়া এ তরুণেরা জানিয়েছে, তারা যেকোনো ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা চায় না। তারা মনে করে, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়—তা অপ্রয়োজনীয়। টাইমস অব ইন্ডিয়া।