আবার নির্বাচিত হলে চট্টগ্রামকে ‘সিঙ্গাপুর মডেলে’ আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চান এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পাশাপাশি তিনি এখানে আইটি ভিলেজ গড়ে তুলবেন বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু এই নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে তাঁর কোনো চিন্তা নেই। তাঁর বিবেচনায় এটা সাময়িক সমস্যা।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন একান্ত আলাপকালে প্রথম আলোকে বলেন, ‘এটাকে জলাবদ্ধতা বলা ঠিক হবে না। এর সঙ্গে রয়েছে জোয়ার-ভাটার সম্পর্ক। জোয়ারের সময় প্রচুর বৃষ্টিপাত হলে পানি তো জমবেই। তবে এটা সাময়িক সমস্যা। কয়েক ঘণ্টা পর পানি আবার নেমে যায়।’গত রোববার থেকে প্রায় টানা বৃষ্টিতে নগরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মেয়র নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় বিষয়টি হয়ে উঠেছে আলোচিত বিষয়, বিশেষ করে সোমবার রাতে একটানা বৃষ্টিতে যখন নগরের বেশ কিছু এলাকা ডুবে যায়।মহিউদ্দিন বলেন, এবার নির্বাচিত হলে তিনি চট্টগ্রামে ‘আইটি ভিলেজ’ (তথ্যপ্রযুক্তি পল্লি) গড়ে তুলবেন। তাঁর মতে, আধুনিক চট্টগ্রাম বা ডিজিটাল চট্টগ্রাম গড়তে হলে এর বিকল্প নেই। এর জন্য তাঁর ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।এ ছাড়া সাবেক এই মেয়র নাগরিক সুবিধা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরালো করার ওপর গুরুত্ব দেন। তিনি দাবি করেন, তাঁর আমলে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন তিনি। নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আর এই অবদানের জন্য ভোটাররা আবারও তাঁকে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নগরের আরেক বড় সমস্যা যানজট নিরসনে মহিউদ্দিনের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। চট্টগ্রামের মানুষের খাওয়ার পানির সংকট মেটাতে আরও উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি। তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপন করেছেন। পানি বিশুদ্ধ করে কালো টাংকিতে করে বাসায় বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ তিনি আগেই নিয়েছেন। তাঁর মতে, খাওয়ার পানির বিষয়টি ওয়াসার দায়িত্বে। ওয়াসার পরিচালনা সিটি করপোরেশনের ওপর ছেড়ে দেওয়া হলে খাওয়ার পানির সংকট আরও দ্রুত নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া যাবে।১৭ জুনের নির্বাচনে যদি আপনি হেরে যান, ফলাফল মেনে নেবেন কি না—এই প্রশ্নের সরাসরি জবাব দেননি মহিউদ্দিন। জবাবে তিনি কেবল বলেন, ‘আমার বিশ্বাস, আগের তিনবারের নির্বাচনের মতো এবারও ফলাফল অবশ্যই আমার পক্ষে যাবে।’