আইটিসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সেবা সীমিত করার দাবি
ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিরিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সেবা-কার্যক্রম সীমিত করার দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।সংগঠনের নেতারা বলেছেন, আইটিসি প্রতিষ্ঠানগুলো যেন শুধু ট্রান্সমিশন (ব্যান্ডউইথ প্রেরণ) সেবা দেয়। অন্যথা, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যান্য ব্যবসার মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আকতারুজ্জামান এসব কথা বলেন।আইএসপিএবির সভাপতি বলেন, বেসরকারি খাতে ছয়টি আইটিসি লাইসেন্স দেওয়ার আগে দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হওয়াটা এখন সময়ের দাবি। তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে অনুরোধ জানান। ইন্টারনেট ব্যবসায়ীরা যেন সরাসরি আইটিসি প্রতিষ্ঠানগুলো থেকে ব্যন্ডউইডথ কিনতে পারেন, সে বিষয়টি ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোট ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে। এ লাইসেন্স দেওয়ার লক্ষ্যে গত ৩১ মার্চ নীতিমালা প্রকাশ করে সরকার। নীতিমালার বিজ্ঞাপনে সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু সরকার এ সংখ্যা বাড়িয়েছে।সম্মেলনে সংগঠনের মহাসচিব এম এ হাকিম বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে আইটিসির আন্তর্জাতিক সংযোগস্থলে প্রয়োজনীয় তদারকির (মনিটরিং) ব্যবস্থা রাখা প্রয়োজন। তিনি জানান, বর্তমানে সাবমেরিন কেবল সংযোগ শুধু রাজধানী কেন্দ্রিক। তাই নতুন আইটিসি লাইসেন্সধারীদের ঢাকার বাইরে বিভাগীয় বা জেলা শহরে প্রথম দিন থেকে সংযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত। আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের প্রত্যেকটি জেলা শহরে তা সম্প্রসারণের জন্যে নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।এ সময় সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।