আইটেমই ডোবাল মল্লিকাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই আইটেম গানের জোয়ারে ভাসছে বলিউড। বি-টাউনের অনেক অভিনেত্রীর জন্যই পোয়াবারো হয়েছে এই আইটেম গান। কিন্তু মল্লিকা শেরাওয়াতের ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টোটাই। অথচ এই আইটেম গান দিয়েই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি। সম্প্রতি ‘তেজ’ ছবি থেকে মল্লিকার আইটেম ‘লায়লা’ তো বাদ পড়েছেই, গানে বাজে পারফরমেন্সের খেসারত হিসেবে নতুন আরেকটি ছবি থেকেও বাদ পড়েছেন তিনি।‘মাইয়া মাইয়া’, ‘জেলেবি বাই’সহ বেশ কয়েকটি সফল আইটেম গান উপহার দিয়েছেন মল্লিকা। অথচ বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রীর জন্য সেই আইটেমই কিনা কাল হয়ে দাঁড়াল! প্রিয়দর্শন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী ‘তেজ’ ছবির আইটেমে অংশ নিয়েছিলেন মল্লিকা। কিন্তু ছবির চূড়ান্ত সম্পাদনায় বাদ পড়েছে গানটি।এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডডে জানিয়েছে, ‘ছবির প্রযোজক রতন জৈন এবং পরিচালক প্রিয়দর্শনের মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর গানটি বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। রতন মনে করছেন, ছবির প্রচারণায় গানটি ব্যবহার করে শুধু শুধুই পয়সার অপচয় হয়েছে।’এদিকে ‘লায়লা’য় নতুন কিছু উপহার দিতে ব্যর্থ হয়েছেন মল্লিকা—এমন অভিযোগ তুলে ‘মুম্বাই মিরর’ ছবির প্রযোজকেরা তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পাকাপাকি করে ফেলেছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘মল্লিকা এই গানে আহামরি কিছু করে দেখাতে পারেননি। গানটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হলেও কোনো রকম সাড়া ফেলতে পারেনি। গানটি নিয়ে কেউই আলোচনা-সমালোচনা করছেন না। এসব দিক বিবেচনা করে ‘মুম্বাই মিরর’ ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।’