আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করার নেপথ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি জড়িত। সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তা চিহ্নিত হয়েছে।এই তথ্য উল্লেখ করে এ ধরনের হয়রানিমূলক মামলা করায় নিন্দা জানিয়েছে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা জানায়। পাশাপাশি এই কর্মের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিআইএ। জানা গেছে, সব বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) গত সোমবার বিআইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নিন্দা জানানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পরদিন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিআইএর নির্বাহী কমিটির সভা। এই সভায় সিদ্ধান্ত নিয়ে আজ বিজ্ঞপ্তিটি পাঠায় বিআইএ।বিজ্ঞপ্তিতে বিআইএ বলেছে, আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই শেফাক আহমেদ বিমা খাতের সংস্কারে অনেক পদক্ষেপ হাতে নিয়েছেন। তাঁর বলিষ্ঠ ভূমিকায় গোটা বিমা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি ফিরে আসছে।বিআইএ বলেছে, পপুলার লাইফ কর্তৃপক্ষ কথিত জমি কেনার নামে যে বিপুল অঙ্কের অনিয়ম-দুর্নীতি করেছে, তা আইডিআরএর তদন্তে বেরিয়ে এসেছে। কোম্পানি থেকে বের হয়ে যাওয়া ১১৮ কোটি টাকা কোম্পানির তহবিলে ফেরত দিতে কারণ দর্শাও নোটিশ দেওয়ার পর থেকেই শেফাক আহমেদের বিরুদ্ধে বানোয়াট মামলাগুলো হতে থাকে।