আইডিএর সঙ্গে ৩৬ কোটি ডলারের ঋণচুক্তি সই
স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ সরবরাহকারী অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সঙ্গে ৩৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ।আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মিলনায়তনে ওই চুক্তি সই করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক এলেন গোল্ডস্টেইন চুক্তিতে সই করেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর এ সময় উপস্থিত ছিলেন।সচিব মোশাররফ হোসাইন জানান, এই ঋণের টাকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিসম্পর্কিত খাতভিত্তিক উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) বাস্তবায়নে ব্যবহূত হবে। মহিলা, শিশু, বয়স্ক ও গরিবদের প্রাধান্য দিয়ে সব নাগরিকের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশে এ কর্মসূচি। মোট ব্যয় ধরা হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উন্নয়ন সহযোগী সংস্থা-দেশগুলো ১ দশমিক ৮ বিলিয়ন ডলার অর্থায়ন করবে।