আইডিপি নেতা সালাম ৮ দিনের সিআইডি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) আহ্বায়ক মাওলানা শেখ আব্দুস সালামকে আট দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ফজলুল হক গতকাল সোমবার শেখ আব্দুস সালামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আজ মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সালাম আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নেন। আফগানিস্তানের যুদ্ধশেষে দেশে ফিরে তিনি আফগান সহযোদ্ধা ও অন্যদের সহযোগিতায় ‘হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ সংগঠনটি গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে মাদ্রাসা ছাত্রসহ বহু লোককে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। আব্দুস সালাম ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের দুই নভেম্বর থেকে কারাগারে আছেন।