স্মারকলিপি দিলেন আন্দোলনকারীরা
আইন অনুযায়ী মাহমুদুরের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে স্মারকলিপি দিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোন আইনে কীভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে অচিরেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। আইন অনুযায়ী মাহমুদুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এ সময় তিনি স্মারকলিপির দাবির বিষয়ে বক্তব্য দেন। ‘নব্য রাজাকার মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি’আন্দোলনকারীদের পক্ষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা অবিলম্বে নব্য রাজাকার মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি।’ তিনি বলেন, স্মারকলিপির মাধ্যমে যে দাবি দিয়ে যাচ্ছি, তা হলো “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।” ইমরান এইচ সরকার আরও বলেন, “আপনারা জানেন, গতকালের সমাবেশ থেকে ঘোষণা দিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।” তিনি বলেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে কিছু গণমাধ্যম, বিশেষ করে, “আমার দেশ” পত্রিকা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। প্রজন্ম চত্বরের আন্দোলনকে জাতির কাছে বিভ্রান্তিকরভাবে তুলে ধরছে। গণজাগরণ মঞ্চের ব্যাপারে আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উসকে দেওয়ার চেষ্টা করছে।’ স্মারকলিপিতে গত শুক্রবার সারা দেশে চালানো অরাজকতার তীব্র নিন্দা জানানো হয়েছে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসস্মারকলিপি নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছি।’ তিনি আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে স্মারকলিপিতে দেওয়া দাবিগুলো যৌক্তিক বলে মন্তব্য করেন। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রজন্ম চত্বরের আন্দোলনকে ভিন্ন অর্থ দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোন আইনে কীভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে অচিরেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে বাধা গতকাল সোমবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ মহাসমাবেশ শেষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার ঘোষণা দেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাঁরা বিক্ষোভ মিছিল করবেন। মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু মত্স্য ভবনের সামনে শাহবাগের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল মন্ত্রণালয়ের দিকে যায়। পরে তাঁরাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হয়নি। আন্দোলনকারীদের জন্য অপেক্ষা বিক্ষোভ মিছিল শুরুর আগে বিকেল চারটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস শাহ আলম জানান, আন্দোলনকারীদের জন্য মন্ত্রণালয়ের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা অপেক্ষা করছেন। তিনি আরও জানান, আন্দোলনকারীদের স্বাগত জানাতে মন্ত্রণালয়ের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আমিনুর রহমান, এপিএস শাহ আলমসহ কয়েকজন কর্মকর্তা অপেক্ষা করেন। গতকাল সোমবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।