আইন-আদালত মানছে না নদীখেকোরা
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় দেড় বছরে বুড়িগঙ্গা ও তুরাগের নদীগর্ভ ও তীরভূমির প্রায় ২০ একর জায়গা ভরাট করা হয়েছে। কেরানীগঞ্জে খোলামোড়া ল্যান্ডিং স্টেশনের কাছে বুড়িগঙ্গা ও তুরাগ নদের সংযোগস্থল থেকে মিরপুরের সিন্নিরটেক পর্যন্ত মাত্র ১৫ কিলোমিটার এলাকায় এই ভরাট ও দখলযজ্ঞ চলছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জরিপ পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।নদী রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত বিআইডব্লিউটিএর তালিকা অনুযায়ী ২৮ জন দখলদার নদীর এসব অংশ ভরাট করেছেন। দখলদারদের কারও কারও বিরুদ্ধে মামলা করা হলেও জায়গা উদ্ধার হয়নি, বরং দখল চলছে।বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক (বন্দর) শরীফ মো. আফজাল হোসেন গত ১১ মে ‘বুড়িগঙ্গা ও তুরাগ নদীর ভরাট জায়গা অপসারণ’ বিষয়ে বন্দর বিভাগের পরিচালক বরাবর চিঠি দিয়ে ২৮ জন দখলদারের তালিকা দেন। এতে বলা হয়, হাইকোর্টের আদেশ অনুযায়ী অবৈধ স্থাপনা এবং নদী ভরাটকারীর তালিকা করা হয়। স্থানীয় ত্রিপক্ষীয় কমিটি নদীর ভরাট অংশ অপসারণের লক্ষ্যে খোলামোড়া থেকে সিন্নিরটেক পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগ নদের উভয় পাড় ঘুরে এই তালিকা তৈরি করে। এর ভিত্তিতে প্রায় ২০ একর (৬০ বিঘা) অবৈধ দখলের হিসাব পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘৬০ বিঘা নয়, আমাদের হিসাবে বাস্তবে আরও অনেক বেশি জায়গা দখলে আছে। সরকারি কিছু কর্তৃপক্ষও দখলদারদের পক্ষে কাজ করে। নদীবিষয়ক টাস্কফোর্সের সভায় আগে যেতাম। সভা হয়, অনেক কথা হয়, কিন্তু কথা অনুযায়ী কাজ হয় না।’দখলযজ্ঞে পিছিয়ে নেই সরকারি সংস্থাও। গত বছর বিআইডব্লিউটিএর ‘বর্জ্য অপসারণ কর্মসূচি’ পালনকালে কামরাঙ্গীরচরের মুন্সীহাট কবরস্থানের কাছে নদীতীরে বর্জ্য স্তূপ করে রাখা হয়, পরে সেগুলো বুড়িগঙ্গায় পড়ে। এতে সাড়ে ছয় কাঠা জায়গা ভরাট হয়ে যায়। জায়গাটি এখনো এই অবস্থাতেই আছে। স্থানীয় লোকজন মাঝেমধ্যেই সেখানে স্থাপনা করার চেষ্টা করে।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বলেন, ঘটনাটি তাঁকে জানানো হয়নি। সামনের অভিযানে এই ভরাট স্থান অবশ্যই মুক্ত করা হবে। হাইকোর্টের নিষেধাজ্ঞা: ঢাকার চারপাশের চারটি নদী অবৈধ দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৪ মে আদালত রুল জারি করেন। মামলাটির আদেশের মূল কথা ছিল, ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ বন্দোবস্ত না থাকলে তাকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। আদালত নতুন করে নদীর জায়গা ভরাট বা দখল করা যাবে না বলে নির্দেশ দেন।কোন জায়গা কার দখলে: বিআইডব্লিউটিএর হিসাব থেকে জানা যায়, কেরানীগঞ্জের খোলামোড়া ল্যান্ডিং স্টেশনের কিছুটা পশ্চিমে বুড়িগঙ্গা ও তুরাগের সংযোগস্থল বা মোহনা থেকে মিরপুরের সিন্নিরটেক পর্যন্ত নদীতে ৩২ লাখ ১৭ হাজার ঘনফুট বালু ও মাটি ভরাট করা হয়েছে। ভরাটকারীর তালিকায় সরকারি কর্তৃপক্ষও রয়েছে। কামরাঙ্গীরচরের নবাবচর মৌজায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আগেই তৈরি করেছিল টেলিফোন এক্সচেঞ্জ ভবন। গত বছর ভবনের সামনে নদীর সাড়ে তিন হাজার বর্গফুট বা প্রায় পাঁচ কাঠা জায়গার অংশ ভরাট করে সীমানাদেয়াল দেওয়া হয়। পরে এখানে স্থাপনা তৈরি হবে। মোট এক লাখ ৪০ হাজার ৮০০ ঘনফুট অংশে মাটি ও বালু ফেলে জায়গা ভরাট করা হয়েছে। বিটিসিএলের ওই এক্সচেঞ্জে কর্মরত কর্মকর্তা আবু তাহের বলেন, জায়গাটি বিটিসিএলের নিজস্ব। এটি জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, নদীর জায়গা এভাবে দেওয়ার কথা নয়। হয়তো অনেক আগে দেওয়া হয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।হাজি সেলিমের ঘাট: নবাবচর মৌজাতেই খোলামোড়া ল্যান্ডিং স্টেশনের পাশে বুড়িগঙ্গার প্রায় ১২ কাঠা জায়গা ভরাট করে ঘাট তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন মদিনা ট্রেডিং করপোরেশন সেখানে মালামাল ওঠানো-নামানোর ঘাট বানিয়েছে। এর আগে এখানে বস্তা দিয়ে ডক তৈরি করে ৬৪ হাজার ঘনফুট মাটি ও বালু দিয়ে ভরাট করা হয় বলে বিআইডব্লিউটিএর তালিকায় উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে হাজি সেলিম বলেন, নদী ভরাট করে জায়গাটি তিনি নেননি; বিএনপির প্রয়াত নেতা মীর শওকত আলীসহ তিন ব্যক্তির কাছ থেকে তিন কোটি টাকায় কিনেছিলেন। ঘাটটি তিনি বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করছেন। এটি দেশের জন্যও কাজে লাগছে।ওষুধ তৈরির কারখানা: খোলামোড়া ল্যান্ডিং স্টেশনের কাছে প্রায় পাঁচ একর জায়গা ভরাট হয়েছে গত বছরের শুরুর দিকে। বিআইডব্লিউটিএর সূত্রমতে, ওষুধ বিপণনকারী একটি প্রতিষ্ঠান ওই জায়গা ভরাট করে সেখানে একটি অস্থায়ী স্থাপনা নির্মাণ করে। তারা জানতে পারে, এখানে একটি ওষুধের কারখানা হবে। গত বছরের মাঝামাঝি বিআইডব্লিউটিএ এই ভরাটের বিরুদ্ধে একটি মামলা করে এবং গড়ে তোলা স্থাপনাটি ভেঙে দেয়। সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভরাট করা জায়গায় বড় বড় ঘাস জন্মেছে।খোলামোড়া স্টেশনের পশ্চিম-উত্তর দিকে কেরানীগঞ্জের মধ্যের চর মৌজায় নদীর প্রায় ৩৩ কাঠা জায়গা ভরাট করা হয়েছে। মাটি ও বালু ফেলা হয়েছে সাত লাখ ১৪ হাজার ঘনফুট। লুৎফুর রহমান নামের এক বালু ব্যবসায়ী জায়গা দখল করেন বলে তালিকায় উল্লেখ আছে। বিআইডব্লিউটিএ ওই ব্যবসায়ীকে ভরাট করা জায়গা থেকে নিজ খরচে মাটি ও বালু সরিয়ে নেওয়ার কথা বললেও তিনি কথা শোনেননি।কামরাঙ্গীরচরের ঝাউচরে গত বছরের মাঝামাঝি জনৈক জয়নাল গাজী ও দীন মোহাম্মদ প্রায় ১১ কাঠা জায়গা ভরাট করেন। এর আগে সেখানে বাঁশের বেড়া দিয়ে ঘের দেওয়া হয় বলে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান। বর্তমানে জায়গাটি একই অবস্থায় আছে। এলাকায় দুই দখলদারের কাউকে পাওয়া যায়নি। জয়নাল গাজীর আত্মীয় পরিচয় দেওয়া সুরত আলী বলেন, ওই জায়গার বড় অংশের মালিক দেওয়ান গাজী। পৈতৃক সূত্রে তিনি তা পেয়েছেন।মধ্যের চর মৌজায় আগে থেকেই একটি ব্যাটারি ফ্যাক্টরি আছে। এর পাশে কে বা কারা সাড়ে তিন কাঠা নদীর জায়গা ১৪ হাজার ৪০০ ঘনফুট বালু ও মাটি দিয়ে ভরাট করেছে।কেরানীগঞ্জের ঝাউচর ও ওয়াশপুরের মাথায় নদীর প্রায় ১০ কাঠা অংশ ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মকবুল আহম্মেদ চৌধুরী। বিআইডব্লিউটিএর হিসাবে এখানে ৫৬ হাজার ঘনফুট বালু ফেলা হয়েছে। নদীর পশ্চিম প্রান্তের এই জায়গায়ও বড় বড় ঘাস দেখা যায়। ওয়াশপুরের বাসিন্দা আবদুল গনি বলেন, মকবুল এখানে আসেন না। তাঁর আত্মীয়স্বজন মাঝেমধ্যে জায়গাটা দেখে যান।কামরাঙ্গীরচর স মিলের পাশে নদীর প্রায় চার কাঠা অংশ ভরাট করা হয়েছে, যেখানে মাটি ও বালু ফেলা হয়েছে ২২ হাজার ৭০০ ঘনফুট।আবাসন প্রকল্প: বিআইডব্লিউটিএর হিসাবে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর এলাকায় ‘চন্দ্রিমা মডেল টাউন’ আবাসন প্রকল্পের জন্য ভরাট করা হয়েছে নদীর প্রায় আড়াই বিঘা অংশ। এখানে বালু ভরাট করা হয়েছে দুই লাখ ৫২ হাজার ঘনফুট। এলাকার বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবদুল হাই জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এখানে বালু ভরাটের কাজ শুরু হয়েছিল। মাঝে কাজ থেমে যায়। গত বছর আবার শুরু করে ভরাটের কাজ শেষ করা হয়।বর্তমানে সেখানে প্রায় আড়াই ফুট উঁচু সীমানাদেয়াল দিয়ে আলাদা আলাদা প্লট তৈরি করা হয়েছে। প্লটে সাইনবোর্ড টানিয়ে প্রকল্পের ও মালিকের নামও দেওয়া হয়েছে। যাঁরা প্লট কিনেছেন, তাঁদের মধ্যে দুজনকে পাওয়া যায়। তাঁদের বক্তব্য হচ্ছে, নগদ টাকা দিয়ে তাঁরা জমি কিনে নিয়েছেন। এলাকায় সবুর মাওলা নামের এক ব্যক্তি নিজেকে তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে বলেন, নদীর জায়গা ভরাট করা হয়নি, প্রকৃত মালিকের কাছ থেকে কেনা হয়েছে।এ ধরনের মডেল টাউনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিতে হয়। জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, রাজউকের অনুমোদন দূরে থাক, এ ধরনের প্রকল্পের জন্য আবেদনপত্রও গৃহীত হয় না।একই এলাকায় ‘তাহেবা রিয়েল এস্টেট’ নামের একটি কোম্পানি নদীর প্রায় এক বিঘা অংশ ভরাট করেছে। নিজস্ব আবাসন প্রকল্পের জন্য কোম্পানি বালু ভরাট করেছে ৯৮ হাজার ঘনফুট। তবে সেখানে কোনো স্থাপনা চোখে পড়েনি। এখানেও আবাসন প্রকল্পের জন্য রাজউকের কোনো অনুমোদন নেই।ইটভাটা: মোহাম্মদপুরের কাটাসুর মৌজায় শ্যামলাসী ল্যান্ডিং স্টেশনের কিছুটা দূরে প্রায় চার একর জায়গাজুড়ে ইটের ভাটা করা হয়েছে। একই ধরনের ইটের ভাটা হয়েছে স্টেশনের বিপরীতে প্রায় দেড় বিঘা জায়গায়।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, জায়গাটি ৮৯১ ও ৮৯২ নম্বর সিএস দাগে পড়েছে। এই দাগভুক্ত জমির মালিকানা দাবি করে ইটের ভাটা তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসনের জরিপে বিষয়টি এখনো প্রমাণিত হয়নি।সাভার সালমানসি মৌজায় এমবিএন ও তাহা ইটের ভাটার মাঝামাঝি স্থানে তুরাগ নদের প্রায় দেড় বিঘা জায়গা ভরাট করা হয়েছে। এখানেও ইটের ভাটা করার প্রস্তুতি চলছে বলে জানা যায়। এর প্রায় ১০০ মিটার দূরে প্রায় আড়াই একর জায়গায় একটি পরিত্যক্ত ইটের ভাটা রয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এখানে একটি ইটের ভাটা করা হয়েছিল। গত ডিসেম্বরে অভিযানের কথা শুনে দখলদারেরা গা-ঢাকা দেয়। ভরাট জায়গাটি এখন অরক্ষিত অবস্থায় রয়েছে। এভাবেই ভরাট করা হয়েছে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে উত্তর দিকে বটতলা পর্যন্ত তুরাগ নদের প্রায় দুই বিঘা অংশ। গাবতলী সেতুর দক্ষিণে মাটি ও ইট দিয়ে ভরাট করা হয়েছে সোয়া বিঘা জায়গা। আমিনবাজার ল্যান্ডিং স্টেশনের কাছে (দক্ষিণে) চার কাঠা জায়গা ভরাট করা হয়েছে। গত ডিসেম্বরে বিআইডব্লিউটিএ ওই এলাকায় ভরাট জায়গা থেকে মাটি ও বালু সরাতে গেলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নিজ উদ্যোগে সরানোর দায়িত্ব নেন। কিছু মাটি সরানোও হয়। কিন্তু মাস খানেকের মধ্যে আবার ভরাট হয়ে যায়। সম্প্রতি গিয়ে দেখা যায়, সেখানে বালুর ব্যবসা চলছে। কিছু গদিও তৈরি হয়েছে। সাভার বড় বড়দেশি মৌজায় ‘টাওয়ার পাড়’ এলাকায় তুরাগ নদের প্রায় ১১ কাঠা এবং কিছুটা দূরে প্রায় চার কাঠা জায়গাও ভরাট করা হয়েছে।মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় মোনায়েম লিমিটেড নামের কোম্পানির কার্যালয়ের দক্ষিণে প্রায় আড়াই বিঘা নিচু তীরভূমি ভরাট করা হয়েছে। এখানে বালু দিয়ে বাঁধ বা ‘ডাইক’ তৈরি করা হয়েছে। মোনায়েম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক পরিচয় দেওয়া আবদুল লতিফ বিআইডব্লিউটিএর কাছে দাবি করেছেন, জায়গাটি তাঁরা ভরাট করেননি।সেতুর নিচে ভরাট: দারুস সালাম থানা এলাকায় গাবতলী সেতুর নিচে তুরাগ নদের প্রায় দুই বিঘা অংশ ও তীরভূমি ভরাট করা হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সেতুর নিচের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করেছিল এবং এটি এখন বিআইডব্লিউটিএর সংরক্ষণে থাকা তীরভূমি। যদিও কার্যত সংরক্ষিত নেই।একই মৌজায় মিরপুর সেতুর নিচ থেকে বড়বাজারে যাওয়ার পথে নদীর প্রায় সোয়া দুই বিঘা অংশ ভরাট করা হয়েছে। বিআইডব্লিউটিএর সূত্র জানায়, আশপাশের জায়গার বেশির ভাগ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা। যে কারণে বিআইডব্লিউটিএ নিজ উদ্যোগে উচ্ছেদ করতে পারছে না। দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পাউবোর সঙ্গে সমন্বিতভাবে এখানে অভিযান চালানো যায়।মিরপুরের ছোট দিয়াবাড়ী মৌজায় সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন থেকে তুরাগ সিটি গেট পর্যন্ত এবং কাউন্দিয়া দিয়াবাড়ী ঘাট থেকে সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন পর্যন্ত নদীর প্রায় এক একর অংশ ও তীরভূমি ভরাট করা হয়েছে। তীরভূমিটি পাউবোর অধিগ্রহণ করা। মিরপুরের গোড়ান চটবাড়ী এলাকায়ও নদীর প্রায় আট কাঠা অংশ ভরাট করা হয়েছে।কর্তৃপক্ষের বক্তব্য: বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, এ ধরনের ভরাট ও দখলের কারণে নদীর গ্রতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা প্রাকৃতিক আবহকে নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে নদী ভরাট করে তৈরি ইটভাটার তিন মালিকের বিরুদ্ধে গত ১৫ জুন আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। বুড়িগঙ্গা ও তুরাগের দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।চেয়ারম্যান বলেন, অনেকে নদীর জায়গা কেনেন। কিন্তু বিক্রেতা প্রকৃত মালিক কি না, ক্রেতাদের তা বুঝেশুনে কেনা উচিত।