পাকিস্তান নামক রাষ্ট্র থেকে বেরিয়ে এসে আমরা গঠন করেছি গণতান্ত্রিক সেক্যুলার এক বাংলাদেশ, যার সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে, ‘রাষ্ট্র সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করবে।’ এ কথা সত্যি যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের নারীদের পরাধীন ভূমিকা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখতে সাহায্য করেছিল। কিন্তু আমাদের এই স্বপ্নের স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য কেবল পুরুষেরা নন, নারীরাও রেখেছেন বিপুল অবদান, সেই নারীরা এখানে তাঁদের স্বপ্নের জমিন খুঁজে পেয়েছেন কি? রাবেয়া ভুঁইয়ার জেন্ডার অ্যান্ড ট্রাডিশন ইন ম্যারেজ অ্যান্ড ডিভোর্স—অ্যান অ্যানালাইসিস অব পারসোনাল ল’জ অব মুসলিম অ্যান্ড হিন্দু উইমেন ইন বাংলাদেশ বইটি পড়তে গেলে বারবারই এই কথাটি এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে সামনে এসে দাঁড়ায়। যে দেশে এখনো ফতোয়া দিয়ে ১০০টা দোররা মেরে নারীকে শাস্তি দেয়ার নিয়ম চালু আছে, যে দেশে কেবল বিয়ে নামের তকমাটার জন্য লাখ লাখ মেয়ে প্রতিনিয়ত স্বামীর ঘরে সব অনাচার মুখ বুজে সয়ে যাচ্ছে, যে দেশে এখনো ‘বাইর হইয়া যা আমার ঘর থিকা’ এই কথা বলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় একটি মেয়ের বিবাহিত জীবন, যে দেশে এখনো বাপের বাড়ি থেকে নগদ টাকা এনে দিতে পারেনি বলে বিশ্ববিদ্যালয় পাস মেয়েকেও গলায় ফাঁস দিয়ে হত্যা করা যায়, সেখানে একজন নারীর জন্য স্বাধীনতা বা মুক্তির প্রসঙ্গটাই অনেক সময় ঠুনকো বোধ হওয়াটা স্বাভাবিক। এই রক্তে অর্জিত বাংলাদেশ নামের ভূখণ্ড আর যা-ই হোক, নারীর জন্য স্বাধীন-মুক্ত রাষ্ট্র হয়নি। বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০০২ সালে ৩৯ জন নারী ফতোয়ার শিকার হয়েছেন, ২০০৩-এ ৪৪ জন, ২০০৪-এ ৫৯, ২০০৫-এ ৬৯, ২০০৭-এ ৭৭ জন—সংখ্যাটা ক্রমহারে বাড়ছে বলে মনে হবে, আমরা ক্রমাগত পেছন দিকেই হাঁটছি। শুধু ২০০৯-এর জুন মাসে ফতোয়ার শিকার হয়েছেন অন্তত ১০ জন নারী। তবে বিপরীত চিত্রও আছে। ২০০০ সালের ঘটনা। একদিন দাম্পত্য কলহের জের ধরে নওগাঁ জেলার সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সাহিদাকে তালাক কথাটা উচ্চারণ করায় প্রতিবেশী মাওলানা হাজি আজিজুল ইসলাম তা শুনে ফেলেন। পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর বিবাদ মিটে যায় এবং তাঁরা সুখে সংসার করতে থাকেন। তাঁদের একটি সন্তানও জন্ম নেয়। ১৬ নভেম্বর, ২০০০ সাইফুল যখন তাঁর বোনকে দেখতে কয়েক দিনের জন্য অন্য গ্রামে গিয়েছিলেন, সেই সুযোগে মাওলানা আজিজুল ইসলাম ফতোয়া দেন যে সাইফুল-সাহিদার তালাক হয়ে গেছে, তাঁদের একত্র বসবাস অবৈধ এবং পুনরায় স্বামী-স্ত্রীরূপে বাস করতে হলে সাহিদাকে হিল্লে বিয়ে করতে হবে। মাওলানার ছেলেরা সাইফুল ফিরে আসার আগেই সাহিদাকে জোর করে অন্য একজন লোকের সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়। ভিন্ন গ্রাম থেকে ফিরে এসে এ ঘটনা জানার পর সাইফুল সাহিদাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে নারাজ এবং তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। ঘটনাক্রমে সাহিদার এ ঘটনাটি দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয় এবং প্রথমবারের মতো হাইকোর্ট নিজ উদ্যোগে নওগাঁর জেলা প্রশাসনকে এই বলে কারণ দর্শাতে বলেন যে তারা কেন এ ব্যাপারে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হলো এবং তাদের এই ব্যর্থতা কেন মুসলিম পারিবারিক আইনের ধারা ৭, ৪৯৮ ও ৫০৮-এর লঙ্ঘন হিসেবে দেখা হবে না। বিষয়টি নারী সংগঠন ও মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং অবশেষে হাইকোর্ট এক যুগান্তকারী মতামত দেন। এর অংশবিশেষ বইটি থেকে তুলে দিতেই হচ্ছে, ‘এ প্রশ্নের উত্তর খোঁজা আজ জরুরি যে কেন একটি বিশেষ ধারার লোকেরা যারা মাদ্রাসাশিক্ষিত অথবা ধর্ম নিয়ে কাজ করেন, তারা সম্পূর্ণ ভুল মতের শিকার হয়ে এতটা ফ্যানাটিক হয়ে উঠেছেন। নিশ্চয় তাদের শিক্ষা ও আচরণের ধরনে গলদ রয়েছে। আদালত চায় যে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স বিষয়টি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হোক এবং মসজিদের খতিবরা প্রতি জুম্মার সময় সাধারণের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে আলোকপাত করুন।...’ ধর্মব্যবসায়ীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়, বিস্তর মিছিল-মিটিং হয়, এমনকি দুজন বিচারককে মুরতাদ ঘোষণা দেওয়া হয়। মুফতি মোহাম্মদ তায়িব ও মাওলানা আবুল কালাম আজাদ এ রায়ের বিরুদ্ধে আপিলও করেন। এ লড়াই আজও প্রতিনিয়ত চলছে বলেই আমরা অনুভব করি। মুসলিম হিসেবে শরিয়া আইনের বিরোধিতা করা যেমন আমাদের দেশে অসম্ভব বলে মনে হয়, তেমনি শরিয়া আইন দিয়ে পুরোপুরি এখন যে চলতে পারে না, এ কথাও যেকোনো নাগরিক অনুভব করেন। তাহলে আমাদের পারিবারিক আইনসমূহকে কীভাবে সংস্কার করা যায়? এ বিষয়ে বইয়ের শেষ ভাগে রাবেয়ার তুলনামূলক আলোচনা, রেফারেন্স ও প্রস্তাবনাসমৃদ্ধ অধ্যায়টি অনবদ্য। তিনি দেখিয়েছেন, কীভাবে শরিয়া থেকে দূরে সরে না গিয়েও নিজেদের বিধিবিধানকে সংস্কার করেছে তিউনিসিয়া, মরক্কো, সিরিয়া, জর্ডান, মিসর এসব মুসলিম দেশ। তিউনিসিয়ান ল অব পারসোনাল স্ট্যাটাস ১৯৫৭ পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে দাঁড়ায় এই বলে যে কোরআন একাধিক স্ত্রীকে সমানভাবে দেখার যে বিধান দিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে একজন পুরুষের পক্ষে তা অসম্ভব। অপরদিকে সিরিয়া ও ইরাকে কোর্টই সিদ্ধান্ত নেবে যে আবেদন অনুযায়ী ওই পুরুষের আরেকটি বিবাহ করার আদৌ কোনো প্রয়োজন আছে কি নেই এবং তার পক্ষে সব স্ত্রীকে সমানভাবে দেখাশোনা করার সংগতি ও মানসিকতা আছে কি নেই। বিখ্যাত ইসলামিক বুদ্ধিজীবী আবদুল্লাহি-আন-নাইম এ প্রসঙ্গে যে মতামত দিয়েছেন, তাও তুলে ধরেছেন লেখক। এর চুম্বক অংশ হচ্ছে, শরিয়া আইন রচনা করেছেন ইসলামের প্রথম তিন শতকের মুসলিম জুরিরা। শরিয়া সে সময়কার প্রয়োজনে কোরআন ও সুন্নাহর আলোকে তৈরি আইন। তাই এ সময়েও প্রাজ্ঞ ইসলামি জুরিরা আবারও কোরআন ও সুন্নাহর যুগোপযোগী ব্যাখ্যার মাধ্যমে আধুনিক ইসলামি আইন রচনা করতে পারেন। ভারতীয় লেখক মোহাম্মদ গাউসের মন্তব্যটিও প্রণিধানযোগ্য, ‘যদিও বিবাহ, বিবাহবিচ্ছেদ ও অন্যান্য ব্যক্তিগত বিষয়াবলি ধর্ম ব্যাখ্যা করেছে, তথাপি এ বিষয়ের বিধিবিধান ধর্মকে ঘিরে যে সামাজিক সম্পর্ক, কাজকর্ম ও নিয়মকানুন গড়ে উঠেছে, এটি তারই অংশ।’ কাজেই যে পুরুষ বহু বিবাহ করে, মুখের কথায় বিনা কারণে স্ত্রীকে তালাক দেয় বা স্ত্রীর ভরণপোষণ দিতে অস্বীকার জানায়, সে কি ধর্ম পালন করছে, না যাঁরা এর বিরোধিতা করেন, তাঁরা অধর্ম করছেন? ড. ভুঁইয়ার পুস্তক এমন শত শত প্রশ্নের খোরাক জাগাবে মনে। আইন আশ্রয় দিলেও সমাজ অনেক সময় আশ্রয় দেয় না মানুষকে; কিন্তু তাই বলে তো সংস্কার বা পরিবর্তন থেমে থাকবে না। আর যে যার জায়গায় থেকে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারলেই কেবল তা সম্ভব—আইনের দৃষ্টিতে দেখা হলেও ড. ভুঁইয়ার সুচিন্তিত ও সুলিখিত বইটি তারই প্রমাণ।