আইন ও আদেশের ফাঁদে উপজেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন অনুযায়ী নির্বাহী কর্তৃত্বের অধিকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী সব কর্তৃত্ব কার্যত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। আইনকে পাশ কাটিয়ে মন্ত্রণালয়ের এ ধরনের আদেশ জারি নিয়ে আইনি প্রশ্ন উঠেছে।কিসের ভিত্তিতে এ আদেশ জারি করা হলো, এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা বলেছেন, আইন করার আগেই এসব আদেশ জারি হয়েছিল।১৩টি মন্ত্রণালয়কে উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত করে এগুলোর নিয়ন্ত্রণভার চেয়ারম্যানের হাতে দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে গত বছরে ১৭ জুন গেজেট প্রকাশ করা হয়। এরপর আট মাসেও মন্ত্রণালয়গুলো আদেশ সংশোধন করেনি কেন, জানতে চাইলে কয়েকজন সচিব বলেন, সংশোধনের প্রক্রিয়া চলছে। দু-একজন বলেন, তাঁরা নতুন এসেছেন, এখন সব ঠিক করবেন।সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, আদেশ সংশোধনের জন্য প্রক্রিয়া চলছে। তবে আয়-ব্যয় নিয়ন্ত্রণসংক্রান্ত দায়িত্ব সরকারি কর্মকর্তার হাতেই থাকার নিয়ম। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, তিনি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা পেয়েছেন। আগের আদেশ সংশোধন করা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে তা সব মন্ত্রণালয়কে জানানো হয়েছে। প্রয়োজনে আবারও তাগিদ দেওয়া হবে। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিকে মান্য করার সংস্কৃতির অভাব রয়েছে।উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এটি আমলাতন্ত্রের চালাকি। আর সরকারের দৃঢ়তার অভাবের লক্ষণ।যোগাযোগ করা হলে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেন, আইনের পরিপন্থী কোনো আদেশ-নির্দেশ দেওয়া হলে তা যতটা অপ্রাসঙ্গিক ততটাই বাতিল বলে গণ্য হবে। বাতিল করার জন্য নতুন করে কোনো আদেশের দরকার হয় না।জানা যায়, গত বছর ১৭ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশ করা প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পর্যায়ে অবস্থিত ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের স্থানীয় কাজকর্ম উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে ন্যস্ত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটির সিদ্ধান্তে এই প্রজ্ঞাপন জারি করা হয়।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার উপজেলা নিয়ে সরকারের এ অব্যবস্থাকে ‘তুঘলকি কাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, সরকার এ ধরনের কাজের মাধ্যমে সংবিধান ও আদালতের নির্দেশ অবজ্ঞা করে চলেছে। তা ছাড়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকারি কর্মকর্তাদের দিয়ে স্থানীয় শাসন পরিচালনার কোনো সুযোগ নেই।ইউএনওর কাজ সম্পর্কে ওই প্রজ্ঞাপনের ১ ধারায় বলা হয়েছে, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পরিষদের অর্থ ব্যয় ও প্রশাসনিক সিদ্ধান্তের সব বিষয় অনুমোদনের জন্য চেয়ারম্যানের কাছে নথি উপস্থাপন করবেন। তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবেন। ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের স্থানীয় দপ্তর প্রধানের কাজ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও ইউএনওর সমন্বয়ে কাজ করবেন। তিনি সব নথি অনুমোদনের জন্য নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের কাছে উপস্থাপন করবেন। আট মাস আগে স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হলেও তা কোথাও কার্যকর নয়। ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত কার্যকর করতে স্থানীয় সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুই দফা তাগিদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলো আগের সিদ্ধান্ত বহাল রেখেছে।১৩ মন্ত্রণালয় ও বিভাগ যে আদেশ জারি করেছেপ্রাথমিক শিক্ষা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী উপজেলা চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি হলেও বদলি, আয়-ব্যয় নিয়ন্ত্রণ ইউএনওর হাতে। উপজেলা শিক্ষা কমিটিতে সদস্য মনোনয়ন দেওয়ার ক্ষমতাও ইউএনওর হাতে। সংস্থাপন: ছুটি, বেতন-ভাতা উত্তোলনের দায়িত্ব ইউএনওর হাতে। ইউএনও দায়িত্ব পালন না করলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না পরিষদ। পৌরসভার মেয়র হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কিন্তু উপজেলার ক্ষেত্রে এ দায়িত্ব ইউএনওর হাতে। দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ: প্রকল্পের কার্যাদেশ, সরবরাহ আদেশ (ডিও) প্রদান, টেন্ডার, আয়-ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতা, গুচ্ছগ্রাম প্রকল্প ইত্যাদির প্রধান হচ্ছেন ইউএনও। টিআর-কাবিখা প্রকল্পের অনুমোদনের ক্ষমতাও তাঁর হাতে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ: একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি চেয়ারম্যান। কিন্তু আর্থিক নিয়ন্ত্রণ ক্ষমতা ইউএনওর হাতে। যদিও এ বিভাগের কার্যক্রম এখনো উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়নি।এ ছাড়া কৃষি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, যুব ও ক্রীড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় তত্ত্বাবধান ও কর্তৃত্ব ইউএনওর হাতে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি সাংসদ। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জনের তত্ত্বাবধানে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন কাবিখা কমিটির সভাপতি চেয়ারম্যান। কিন্তু প্রকল্প বাছাইয়ের অনুমোদন ইউএনওর হাতে।স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধান চেয়ারম্যানের হাতে রয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী। টেন্ডার কমিটির সভাপতি ইউএনও। এ বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজকর্ম নিয়ন্ত্রণভারও ইউএনওর হাতে।