ইভ টিজিং প্রতিরোধে আইন আরও কঠোর করা প্রয়োজন। এ ক্ষেত্রে সাজার মাত্রা বাড়ানো উচিত। ইভ টিজিংয়ের কারণে যদি কেউ মারা যান, তাহলে সেটাকে হত্যাকাণ্ড ধরতে হবে। দ্রুত এ ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে। নইলে অবস্থার আরও অবনতি হবে। ইভ টিজিংয়ের ঘটনার বিরুদ্ধে জোরদার সামাজিক আন্দোলন প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবারের দায়বদ্ধতাও রয়েছে। বখাটের পরিবার ও অভিভাবক এর দায় এড়াতে পারে না।সরকারি কর্মকর্তার ছেলের বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ প্রমাণিত হয়, সে ক্ষেত্রে ওই কর্মকর্তার প্রতি বিরূপ প্রতিক্রিয়ার বিধান রাখা উচিত। এভাবে অন্যান্য পেশার ক্ষেত্রে এ ব্যাপারে আইনগত দায়িত্ব নির্ধারণ করে দেওয়া উচিত। তবে এ জন্য পরিবারকে এগিয়ে আসতে হবে। বখাটের পরিবারের কর্তাব্যক্তি যদি মনে করেন, তাঁর সন্তান শৃঙ্খলা ও শাসনের বাইরে, তাহলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো অভিভাবকদের জন্য বাধ্যতামূলক করার বিধান করা যেতে পারে। মেয়েদের উত্ত্যক্ত করার মতো অপরাধ অজামিনযোগ্য করা যেতে পারে। এ ছাড়া এটি প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো প্রয়োজন।মাহবুবে আলম: অ্যাটর্নি জেনারেল