আইন কমিশন বিধি প্রণয়নে সহায়তা করবে
অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, আইন কমিশন১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা পরিষ্কার করা হয়েছে। অবশ্য একটি অপরাধ আরেকটি অপরাধের সঙ্গে সাযুজ্য রয়েছে। এ বিবেচনায় মানবতার বিরুদ্ধে অপরাধ কথাটি বিস্তৃত অপরাধকে অন্তর্ভুক্ত করে। ট্রাইব্যুনালের এখন উপযুক্ত বিধি প্রণয়নে হাত দিতে হবে। এখন একটি মানসম্মত বিধি প্রণয়নের ক্ষেত্রে আইন কমিশনের কোনো সুপারিশ নিতে চাইলে কমিশন তাতে সহায়তা করবে। তবে ট্রাইব্যুনালকে ঠিক করতে হবে, তারা কোন প্রক্রিয়ায়, কীভাবে বিচারের ক্ষেত্রটি সম্পন্ন করবে। আইন কমিশন এতে সুপারিশ দিতে পারে। ট্রাইব্যুনালের বিচারকদের অপসারণ বিষয়ে আইনে লেখা নেই। তবে কিছু অলিখিত দর্শন তো আছেই। সরকারই ঠিক করবে, তাদের অপসারণ করতে চাইলে কোন প্রক্রিয়ায় করবে। তদন্তের জন্য উপযুক্ত কাঠামো কেমন হবে, তা বিধিতে আসতে পারে। প্রসিকিউশন নিজেরাই কোনো বিষয়ে তদন্তের জন্য সময় নির্ধারণ করতে পারেন। তবে যে প্রক্রিয়ায় নেওয়া হোক না কেন, এ বিচারের স্বচ্ছতা যাতে ক্ষুণ্ন না হয়। এ অপরাধের বিচার কোনো আন্তর্জাতিক আইনে হচ্ছে না। আমাদের দেশের প্রণীত কোনো আইনে হচ্ছে। তাই এতে স্বচ্ছতা থাকবে বলেই আমার ধারণা। তবে আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপট এবং দর্শন অবশ্যই ট্রাইব্যুনাল বিবেচনায় রাখবে বলেই আমার বিশ্বাস।