আইন কমিশনের নতুন চেয়ারম্যান এ বি এম খায়রুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আজ মঙ্গলবার আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই পদে তিনি তিন বছর দায়িত্ব পালন করবেন। কমিশন আইনের ১৯৯৬-এর ৫ (৩) ধারার ক্ষমতাবলে সরকার তাঁকে এই নিয়োগ দিয়েছে। আগামীকাল বুধবার সকালে এ বি এম খায়রুল হক তাঁর নতুন কর্মস্থলে যোগ দেবেন। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান এ বি এম খায়রুল হক। ৩০ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। হাইকোর্ট বিভাগে থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন খায়রুল হক। এ ছাড়া ঢাকার চার নদী রক্ষা, স্বাধীনতার ঘোষকসহ উল্লেখযোগ্য রায় দেন তিনি। বাংলা ভাষায় একাধিক রায় দিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। আপিল বিভাগে থাকা অবস্থায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দিয়েছেন খায়রুল হক।