আইন করে আবারও সু চির নির্বাচনে অংশগ্রহণ অবৈধ করা হলো
মিয়ানমারের সামরিক জান্তা এক নতুন আইন প্রণয়ন করেছে। এ আইনে কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ আইনের মাধ্যমে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মিয়ানমারের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল। এর আগে মিয়ানমারের সামরিক জান্তা অপর এক আইনের মাধ্যমে সে দেশে সু চির রাজনীতি করার পথ রুদ্ধ করে দেয়। সেই আইনে বলা হয়েছিল, কারও বিদেশি স্বামী বা স্ত্রী থাকলে সে মিয়ানমারে রাজনীতি করার যোগ্যতা হারাবে। অং সান সু চিকে মিয়ানমারের সামরিক জান্তা ১৯৯০ সাল থেকে বিভিন্ন মেয়াদে নানা অভিযোগে গৃহবন্দী করে রেখেছে। ১৯৮৮ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির দল জয়লাভ করার পরও সামরিক জান্তা তাঁকে সরকার গঠন করতে দেয়নি।নতুন এ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মিয়ানমারের কোনো আদালতে ফৌজদারি দণ্ডবিধিতে দোষী প্রমাণিত হন তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ ছাড়া এই আইনের মাধ্যমে কোনো ধর্মীয় সম্প্রদায়ভিত্তিক রাজনীতি ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে অংশগ্রহণ অবৈধ করা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ৬০ দিন সময় দিয়ে বলা হয়েছে, তাদের এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। এ নির্বাচন কমিশনের সদস্যরা অবশ্য সামরিক জান্তার মাধ্যমেই নিয়োগ পেয়েছেন।যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তাকে জানিয়ে দিয়েছে, তারা বিরোধী দলহীন কোনো নির্বাচন মেনে নেবে না। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক সরকারের প্রতি সব দল ও ব্যক্তির অংশগ্রহণের ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। মুখপাত্রটি আরও বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সফল নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে মিয়ানমারের কর্তৃপক্ষ যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে চলেছে তাতে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলোকে মিয়ানমারের সামরিক জান্তা বিভিন্নভাবে নাজেহাল করে আসছে বলে অভিযোগ রয়েছে।সু চিকে সামরিক জান্তা তাঁর গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গ করার অভিযোগে গত আগস্ট মাসে দণ্ডিত করে। সু চির বিরুদ্ধে অভিযোগ ছিল একজন মার্কিন নাগরিক তাঁর বাড়ির পাশের হ্রদ সাঁতার কেটে পার হয়ে বিনা নিমন্ত্রণে তাঁর বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় নেন। সু চির বর্তমান গৃহবন্দিত্বের মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা ইতিমধ্যেই তাঁকে নভেম্বর-পরবর্তী নতুন গৃহবন্দিত্বের দণ্ড দিয়েছে। সু চি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।