আইন করে ভূমিদস্যুদের কঠোর শাস্তির বিধান করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ‘কোনো ভূমিদস্যু-দুর্বৃত্তের হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না। আমরা আইন করে এসব ভূমিদস্যুর কঠোর শাস্তির বিধান করছি।’ তিনি এসব দস্যু-দুর্বৃত্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।রাজউক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মান্নান খান এ কথা বলেন। গতকাল সন্ধ্যায় নগরের একটি হোটেলে ঢাকা মহানগরের পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন পূর্তসচিব খোন্দকার শওকত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা।প্রতিমন্ত্রী বলেন, ‘গোটা দেশটাকেই যাঁরা গ্রাস করতে চান, তাঁরাই সমস্যা সৃষ্টি করছেন। বর্তমান সরকার একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য (ভিশন ২০২১) নির্ধারণ করে কাজ শুরু করেছে। সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবেই।’ তিনি বলেন, লোভী, দুর্নীতিবাজ ব্যক্তিরা অননুমোদিত ভবন-স্থাপনা করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। নিজেদের আর্থিক লাভের জন্য সমাজকে ক্ষতিগ্রস্ত, ক্ষতবিক্ষত করে চলেছেন এঁরা।মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে গত কয়েক দিনে যেসব ঘটনা ঘটেছে, সে জন্য উৎকণ্ঠা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ড্যাপ শুরু হয়েছিল বিএনপি আমলে, ১৯৯৫ সালে। এটি অনুমোদন করে আওয়ামী লীগ, ১৯৯৭ সালে। ঢাকার উন্নয়নে দুই সরকারই ড্যাপ সম্পর্কে একমত হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলামের মতো দেশের মেধাবী ব্যক্তিরা এটি প্রণয়নে ভূমিকা রেখেছেন। ঢাকার সংশ্লিষ্ট সাংসদেরা, নানা শ্রেণী-পেশার মানুষ মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রীও মতামত দিয়েছেন। এভাবে প্রণীত ড্যাপ যাঁরা মানতে চান না, তাঁরা ঢাকার উন্নয়ন চান না। ঢাকায় মানুষের সুস্থ জীবন চান না।’ প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমির ব্যবসা এমনিতেই প্রচুর লাভজনক। কিন্তু হাতে গোনা কয়েকজন দস্যু, দুর্বৃত্ত ছলনা, চাতুরী করে, প্রতারণা করে বহু মানুষকে পথে বসাচ্ছে। তারা জমি কিনবে না, দখল করবে। মানুষের কাছে জমি বিক্রি করবে, কিন্তু দখল দেবে না। প্রতারণা করে অন্যের জমি বিক্রি করে দেয়। আমরা আইন করছি এদের কঠোর শাস্তির বিধান রেখে। তাদের আবদার—শাস্তি বলতে শুধু জরিমানার ব্যবস্থা রাখা। কিন্তু না, কঠোর শাস্তির বিধান করা হবে।’ মূল প্রবন্ধে রাজউকের চেয়ারম্যান বলেন, ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইন অনুযায়ী রাজউক ঢাকা মহানগরের মহাপরিকল্পনা (ডিএমডিপি) প্রণয়ন করেছে। বিশদ অঞ্চল পরিকল্পনাও এর অবিচ্ছেদ্য অংশ। তাই এই পরিকল্পনা মেনে চলায় সবার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, এই সমন্বয়ের জন্য সরকারের গঠিত একটি সংস্থা কিংবা একজন পূর্ণ মন্ত্রীর অধীনে একটি মন্ত্রণালয় দরকার। পাশাপাশি রাজউকেরও পুনর্গঠন দরকার বলে উল্লেখ করে তিনি বলেন, এ রকম একটি প্রস্তাব পূর্ত মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। মুক্ত আলোচনা পর্বে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরওয়ার জাহান বলেন, ঢাকায় অনেক সংস্থা নিজেদের মতো কাজ করছে, সমন্বয় নেই। ব্যবস্থাপনার এ সমস্যা না মিটলে তো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, রাজউকের প্রকল্প বাড়ছে। কাজ বাড়ছে। কিন্তু যোগ্য লোকবল বাড়ছে না। ঢাকার সড়কের পিতা তিনজন—যোগাযোগ মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও রাজউক। এদের মধ্যে সমন্বয় নেই। এমনও নজির আছে যে, অননুমোদিত ভবন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি উদ্বোধন করেছেন।ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকও সমন্বয়ের অভাবের কথা বলেন।