আইন করে সামরিক শাসন ঠেকানো যাবে না: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না এলে এবং দুই নেত্রীর মনোভাবে পরিবর্তন না এলে আইন করে সামরিক শাসনকে ঠেকানো যাবে যাবে না। আজ শুক্রবার বিকেলে সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আইনজীবী রফিক-উল হক।রাজধানীর ব্র্যাক সেন্টার অনুষ্ঠিত এ আলোচনায় রফিক-উল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, দুই নেত্রী যা বলেন, তার সমর্থনে তাঁদের সাগরেদরা হাত তোলেন। আজ পর্যন্ত তাঁদের পয়েন্টের বিরুদ্ধে (অ্যাগেনেস্টে) কাউকে কিছু বলতে দেখা যায়নি। এভাবে কখনো গণতন্ত্র স্থিতিশীল হয় না। বরং সুষ্ঠু রাজনীতির জন্য দুই নেত্রীকে তাঁদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তা না করে যতই আইন করুক, তাতে সামরিক শাসন ঠেকানো যাবে না। তাঁদের নেতিবাচক রাজনীতি ইতিবাচক হলে এমনিতেই আর সামরিক শাসন আসবে না। দেশের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার জন্য রফিক-উল হক দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের ওপর জোর দেন। তবে তাঁর এ মতের ব্যাপারে তাত্ক্ষণিক আপত্তি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ছোট দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদের দরকার নেই।’ পুনর্মুদ্রিত সংবিধানের কপি হাতে নিয়ে মওদুদ আহমদ আরও বলেন, এটাই যদি দেশের সংবিধান হবে, তবে সংবিধান সংশোধনের জন্য কমিটি কেন গঠন করা হয়েছে? যারা সংবিধান পুনর্মুদ্রণ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। আর চিফ জাস্টিসের কথায় যদি ছাপা হয়ে থাকে, তবে তাঁরও শাস্তি হওয়া উচিত।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার দাবি জানিয়ে অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, সংবিধানের সবচেয়ে শক্তিশালী বাক্য হলো, সব ক্ষমতার মালিক দেশের জনগণ। কিন্তু কার্যত এটিই সবচেয়ে অর্থহীন বাক্য। কারণ, সংবিধানের ৫৫ অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা এক ব্যক্তির কাছে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা রুশ জারের চেয়েও কোনো অংশে কম নয়। সংবিধান সংশোধন কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে কোনো সাংবিধানিক শূন্যতা নেই। এর আগে একবার রায়ের আলোকে সংবিধানের ১০০ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। তারপর তিনটি সরকার গিয়েছে। কিন্তু এ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। পঞ্চম সংশোধনীর রায় একইভাবে প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং দেশে সংবিধান আছে।আসিফ নজরুল বলেন, ভারতে মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি কাজ করে থাকেন। আমাদের এখানে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করেন। এটা রাজতন্ত্রের শামিল। তিনি আরও বলেন, অতীতে ব্যক্তি ও দলের স্বার্থে সংবিধান সংশোধন হয়েছে। পুনর্মুদ্রিত সংবিধান এবং সংবিধান সংশোধন কমিটির তত্পরতা দেখে আশঙ্কা হয়, এবারও তাই হবে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, অতীতে ব্যক্তি স্বার্থে সংবিধানে হাত দেওয়ার পরিণতি নির্মম হয়েছে। অধ্যাপক বোরহানউদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আতাউস সামাদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।