আইন করে হরতাল বন্ধের ইচ্ছা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে হরতাল বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন এলজিআরডিমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মতে, হরতাল একটি আইনগত রাজনৈতিক অধিকার। তবে বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল শনিবার রাজধানীতে সাইমন গ্রুপের চালু করা দুবাইয়ের ইলেকট্রনিক ভিসা সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘হরতাল আমাদের সংবিধানের একটা অংশ। হরতাল আইনগত রাজনৈতিক অধিকার। সুতরাং সেটাকে বানচাল করা বা বাধা দেওয়ার কোনো গণতান্ত্রিক অধিকার আমাদের নেই। যেটা আমরা বলছি, সেটা হচ্ছে, শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে হবে, যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়।’সংসদ থেকে বিএনপির সাংসদদের পদত্যাগের বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা তো অফিশিয়াল কোনো হুমকি বা কোনো ঘোষণা পাইনি। কেউ কেউ বলছেন।’ পদত্যাগ করলে কী পরিস্থিতি হবে, তার জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, এতে কোনো সংকটের সৃষ্টি হবে না।’