‘লিপি (ছদ্মনাম) বেতনের টাকা স্বামীর হাতে তুলে না দিলেই নানা ছুতোয় শুরু হয় অশান্তি। ফলে সংসারে শান্তি রক্ষার জন্যই লিপি নিজের আয় করা সব টাকা তুলে দেন স্বামীর হাতে।’ অথচ ১৮৭৪ সালের ‘দি ম্যারেড উইমেনস প্রপার্টি অ্যাক্ট’ অনুযায়ী, বিবাহিত নারী তাঁর অর্জিত টাকা কীভাবে ব্যবহার করবেন, তা তাঁর নিজস্ব ব্যাপার। এতে স্বামী কোনোভাবেই নাক গলাতে পারবেন না।কিছুদিন আগেও স্বামী বউকে মারলে তা নিয়ে কেউ কথা বলার সাহস পেতেন না। তবে গত বছর ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০’-এ শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিক নির্যাতনকেও ‘নির্যাতন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশি নারী বিদেশি নাগরিককে বিয়ে করলে আগে স্বামী নাগরিকত্ব পেতেন না, তবে নাগরিকত্ব আইনে সংশোধনী আনার ফলে চার বছর বাংলাদেশে থাকলেই স্বামী নাগরিকত্ব পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় অনেক আইন তৈরি হয়েছে নারীর অধিকার রক্ষায়। তবে পারিবারিক আইনসহ বিভিন্ন বৈষম্যমূলক আইন নারীর অধিকার রক্ষা করেনি। আবার আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় নারী কোনো সুফলই পাচ্ছে না। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত ২০০৩) করা প্রায় আশি ভাগই মিথ্যা মামলা হচ্ছে বলে অভিযোগ আছে। আইন ঠিক আছে, মামলাও হয়েছে যথাযথভাবে, কিন্তু নারীবান্ধব পরিবেশের অভাব ও মামলার দীর্ঘসূত্রতার জন্য অনেক সময়ই নির্যাতিত নারী মামলা আপস করে ফেলতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন করে নারীর পক্ষে একটি আইন পাওয়া, তার বাস্তবায়নসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের মতোই সমান সংগ্রামের ব্যাপার বলে মনে হয়।’ নির্যাতন বেড়েছে, বাড়ছে মামলাও: যৌতুকবিরোধী আইনের মতো কঠোর আইন থাকার পরও বিভিন্ন নির্যাতন কমেনি। যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকার পরও অবস্থার পরিবর্তন হয়নি। কিছু আইন নিয়ে প্রশ্নও দেখা দিয়েছে। ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন প্রসঙ্গে এলিনা খান প্রশ্ন তোলেন, বাল্যবিবাহ যদি বেআইনি হয়, তাহলে ওই বিয়েটা কেন অবৈধ হবে না? মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অধিকার আদায়ের জন্য যথাযথ আইন থাকতে হবে। তবে আইনের প্রয়োগ ও বাস্তবায়নও জরুরি। মহিলা পরিষদের তৃতীয় জাতীয় পরিষদ সভা ২০১১-এর প্রতিবেদনের তথ্যমতে, গত বছর পাঁচ হাজার ৭৪৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ সপ্তাহ ২০১১-এ আয়োজিত সম্মেলনে দেওয়া তথ্যমতে, ২০০৬ সালে নারী নির্যাতন মামলার সংখ্যা ছিল ১১ হাজার ৭৩০টি। ২০১০ সালে সংখ্যাটি দাঁড়ায় ১৬ হাজার ৮৮০টিতে। মোট আসামির সংখ্যা ছিল ৪২ হাজার ৬৭১ জন। এর মধ্যে পাঁচ হাজার ৭১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সময় আইনে সংশোধনী আনা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করার পর সংসারটি টিকিয়ে রাখা যায় না। তাই নারী নির্যাতনের ঘটনায় আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আপস মীমাংসা করা যায় কি না, তা চিন্তাভাবনা করছে সরকার। আইনেও বৈষম্য: সংবিধানের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের মৌলিক অধিকার ঘোষণার ২৬ নম্বর অনুচ্ছেদে ঘোষিত মৌলিক অধিকারের ক্ষেত্রে অসামঞ্জস্য আইন বাতিলের ঘোষণা করা হয়েছে। কিন্তু নারীরা আইনের ক্ষেত্রে কার্যত এবং বাস্তবে বৈষম্য ও নিপীড়নের শিকার। মুসলিম আইন অনুসারে বাবা নাবালক সন্তানের অভিভাবক। নাবালকের সম্পত্তিতেও বাবার একচ্ছত্র আধিপত্য। মা হচ্ছেন নাবালকের তত্ত্বাবধায়ক। তবে অবৈধ বা জারজ সন্তানের অভিভাবক মা। অবৈধ কন্যাসন্তানের বেলায় মা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। মুসলমান নারীর কাবিননামায় স্বামী তালাক দেওয়ার অধিকার দিলে নারী তালাক দিতে পারেন। মেয়েটি কুমারী, বিধবা না তালাকপ্রাপ্তা, তা কাবিননামায় জানতে চাওয়া হয়। কিন্তু বিয়ের পাত্রের বেলায় এগুলো প্রযোজ্য নয়। উত্তরাধিকারের ক্ষেত্রে নারীদের পুরুষদের সমান অংশ দেওয়া হয় না।হিন্দু আইনে পুত্রহীন বাবা দত্তক-পুত্র গ্রহণ করতে পারেন, কিন্তু দত্তক-কন্যা গ্রহণের নিয়ম নেই এবং হিন্দু নারী দত্তক নিতে পারে না। এ আইনেও অবৈধ সন্তানের বেলায় মা স্বাভাবিক অভিভাবক হন। খ্রিষ্টান নারী স্বামীকে তালাক দিতে চাইলে একাধিক সাক্ষী হাজির করানোসহ অনেক কাঠখড় পোড়াতে হয়। খ্রিষ্টান পুরুষ ইচ্ছে করলেই গির্জায় একজন সাক্ষী হাজির করে তালাক দিতে পারেন। হিন্দু নারীর বিয়ে বিচ্ছেদ ঘটানোরই সুযোগ নেই। হিন্দু পুরুষের একাধিক বিয়ে আইনসিদ্ধ। সম্পত্তিতে হিন্দু নারীকে জীবনস্বত্ব ভোগ করার যে অধিকার দেওয়া হয়, তা নারীকে আরও প্রান্তিক করে তোলে। আইনজীবী সারা হোসেন বলেন, ফৌজদারি মামলায় মেয়ের সম্মতি ছাড়াই নিরাপত্তা হেফাজতের নামে আটকে রাখা হচ্ছে। কোনো মেয়ে নিজের পছন্দে বিয়ে করলে অভিভাবকই তার নামে মামলা করে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দিচ্ছেন। বৈষম্যগুলো একটি অন্যটির সঙ্গে জড়িয়ে যাচ্ছে।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জানালেন, বৈষম্যমূলক আইনগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পারিবারিক আইন: পারিবারিক আইন ব্যক্তি আইন হিসেবে পালিত হয়। এতে যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলা হয়। এটি শাসনতন্ত্রের পরিপন্থী। দেশে মুসলমান, হিন্দু ও খ্রিষ্টানদের পারিবারিক আইন প্রচলিত আছে। আদিবাসীদের জন্য এ ধরনের আইন নেই। ব্যারিস্টার সারা হোসেনের মতে, পারিবারিক আইন ধর্মীয় ও লিঙ্গগত দিক থেকে বৈষম্যের সৃষ্টি করেছে। একই দেশে বিভিন্ন ধর্মের নারীদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করছে এ ধরনের আইনগুলো। গত মাসে এক কর্মশালায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘১৯৬১ সালে আইয়ুব খান যদি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে পরিবর্তন আনতে পারেন, তা যদি তখন সবাই মেনে নিয়ে থাকে, ধর্মের যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে বর্তমানে উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা যাবে না কেন।’তবে এ প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘হঠাত্ করে এ ধরনের আইনে পরিবর্তন আনা যাবে না। ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে, তা দেখতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত না হলে পরিবর্তন করতে কোনো সমস্যা নেই।’সর্বজনীন পারিবারিক আইন: বিভিন্ন ধর্মের পারিবারিক আইনের সংস্কার করে ইউনিফরম ফ্যামিলি কোড বা সর্বজনীন পারিবারিক আইনের দাবি তোলা হচ্ছে কয়েক দশক ধরে। এর মূল লক্ষ্য হচ্ছে ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সবার জন্য ভিন্ন ভিন্ন পারিবারিক আইনের পরিবর্তে এক আইন করা। ভরণপোষণ, বিবাহ, বিবাহবিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, সন্তানের অভিভাবকত্ব, তত্ত্বাবধান ও উত্তরাধিকারসংক্রান্ত আইন, রীতির সীমাবদ্ধতা দূর করা। এতে শুধু বিভিন্ন ধর্মের নারীর বৈষম্য কমানো নয়, নারী ও পুরুষের মধ্যেও বৈষম্য কমানোর কথা বলা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি সুফিয়া কামাল এ ধরনের আইন তৈরির উদ্যোগ নেন। আইনের প্রাথমিক প্রস্তাবনা নিয়ে কর্মশালা হয় ১৯৮৯ সালে। ১৯৯৩ সালে আইনের খসড়া প্রস্তাবনা তৈরি করে পরিষদ। তবে তা আজও আলোর মুখ দেখেনিরাজনৈতিক ও ধর্মীয় ইস্যু: জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত বলেন, ‘নারী অধিকার রক্ষায় আইন প্রণয়নের বেলায় রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুটি বড় হয়ে দেখা দেয়। ভারতে হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে হিন্দু আইনে পরিবর্তন আনতে সমস্যা হয়নি। সেখানে হিন্দু নারী ও পুরুষ সম্পত্তিতে সমান অধিকার পাচ্ছে। বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। নারীরা স্বামীকে তালাক দিতে পারছে। কিন্তু মুসলমান নারীদের জন্য আইনে পরিবর্তন আনতে পারেনি দেশটি। একইভাবে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনে সংশোধন আনলেও হিন্দু আইনে হাত দিতে ভয় পায় সরকার। হিন্দু আইন পরিবর্তন, অভিন্ন পারিবারিক আইন তৈরির বিষয়টিতে সোচ্চার হওয়ার কারণে হিন্দু নেতারা আমার কুশপুত্তলিকা দাহ করেছে।’সর্বজনীন পারিবারিক আইনের প্রথম খসড়া তৈরির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেয়াদ আল মালুম।তিনি জানালেন, এ আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য ধর্মীয় মোল্লারা তাঁর কুশপুত্তলিকা দাহ করে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্ম দেব চক্রবর্তী বলেন, ‘হিন্দু আইনে সংশোধনী আনতে ধর্মীয় নেতারা ভয় পান। অন্যদিকে সরকারও রাজনৈতিক কারণে এ জনগোষ্ঠীকে খ্যাপাতে চায় না। বাংলাদেশ জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদে সই করে ২৬ বছর আগে। তবে আজও সনদের ২ ও ১৬.১(গ) মূল দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করেনি। সনদের ২ নম্বর ধারা অনুযায়ী, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে শরিক রাষ্ট্রসমূহ আইনগত, প্রশাসনিক, ও বিধিগত সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। এ ধারাগুলো দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শরিয়াহ বা সুন্নাহ দেশের রাষ্ট্রনীতি বা আইনের উত্স না হওয়া সত্ত্বেও সনদের ধারাগুলোতে সংরক্ষণের পক্ষে সরকার যুক্তি দেখিয়ে যাচ্ছে ধারাগুলো ‘শরিয়াহ ও সুন্নাহর পরিপন্থী’।মিথ্যা মামলা: নারী নির্যাতনের মামলায় প্রভাবশালীদের বাঁচানোর জন্য মামলাকে ভিন্ন খাতে নেওয়া ও মিথ্যা প্রমাণেরও চেষ্টা চলে প্রতিনিয়ত। কুমিল্লায় ১৬ বছরের মেয়ে নিলুফা ধর্ষণের শিকার হয়। সাত মাসের গর্ভাবস্থায় ধর্ষক নিলুফার গায়ে তরল পদার্থ ঢেলে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। গত ২৬ জানুয়ারি মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতেও নিলুফা একই কথা বলে গেছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, এসিড ছোঁড়া হলে আলাদাভাবে দেশলাই দিয়ে আগুন জ্বালাতে হয় না। কিন্তু নিলুফার ঘটনায় মামলা করা হয়েছে এসিড অপরাধ দমন আইনের একটি ধারায়, যাতে মামলাটি মিথ্যা প্রমাণিত করা সম্ভব হয়। এ মামলাটি আদালতের দৃষ্টিতে আনা হয়েছে, কিন্তু অসংখ্য মামলা চোখের আড়ালেই থেকে যাচ্ছে। হেনাদের হারিয়ে যাওয়া: শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কৃষক দরবেশ খাঁর মেয়ে হেনা (১৪)। রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে গেলে হেনাকে তুলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মাহাবুব (৪০)। ঘটনা জানাজানি হলে এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস ফকিরের নেতৃত্বে সালিস বৈঠক বসে। বৈঠকে ধর্ষক ও নির্দোষ হেনাকে দোররা মারার ফতোয়া জারি করা হয়। ধর্ষণের শিকার মেয়েটি দোররার আঘাত সহ্য করতে না পেরে মারা গেছে। তবে মরে গিয়েও রেহাই পায়নি হেনা, তাই সুরতহাল প্রতিবেদনে লেখা হয়, হেনার সঙ্গে ওই পুরুষের প্রেমের সম্পর্ক ছিল। মহিলা পরিষদের হিসাবমতে, গত বছর ফতোয়ার ঘটনাই ঘটেছে ৩৯টি। আইনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হেনার এভাবে মরে যাওয়ার কথা নয়। কেননা, ১০ বছর আগে ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াবিরোধী রায় দেন। রায়ে ফতোয়াকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করে দণ্ডবিধিতে একটি ধারা সংযুক্ত করার কথা বলা হয়েছিল। তবে ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। আশার কথা হলো, ১ মার্চ রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। এসিড আইনের বাস্তবায়ন কম: প্রেমসংক্রান্ত কারণকে ছাড়িয়ে জমিসংক্রান্ত বিরোধ অথবা রাজনৈতিক কোন্দলে অস্ত্র হিসেবে এসিডকে ব্যবহার করা হচ্ছে। আর এর প্রধান শিকার হচ্ছেন নারীরা।এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, এসিড-সন্ত্রাস বন্ধের জন্য দুটি শক্তিশালী আইন আছে। মামলায় তথ্য-প্রমাণের জন্য এসিডদগ্ধদের শরীরে ক্ষত আছে। সরকারের বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রম আছে। কিন্তু এত কিছু থাকার পরও পরিস্থিতি পাল্টায়নি। সংগঠনের পক্ষ থেকে সারা দেশের তিন হাজার এসিড সারভাইভারস শনাক্ত করলেও এর মাত্র ১০ শতাংশের বেলায় আইনি সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া এসিডদগ্ধদের মামলা হাইকোর্টে গেলে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। হয়নি নারীবান্ধব আদালত: বাংলাদেশ জাতীয় মহিলা মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক ফাহিমা নাসরিন বলেন, ট্রায়াল কোর্টেও অনেক মামলায় ক্যামেরা ট্রায়াল হচ্ছে না। আদালতে নির্যাতনের শিকার নারীকে এমন সব প্রশ্ন করা হয়, যার মাধ্যমে সেই নারী দ্বিতীয়বার নির্যাতনের শিকার হচ্ছেন।নারীপক্ষের সদস্য আইনজীবী ইউ এম হাবিবুন নেসা নারী নির্যাতনের মামলাগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা, মামলা গ্রহণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সচেতনতা এবং মামলা নিষ্পত্তির প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোতে জোর দেন।