আইন দ্রুতই সংশোধন করা হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ দ্রুতই সংশোধন করা হবে। আজ রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শাহবাগের এই প্রতিবাদের মাধ্যমে যুদ্ধাপরাধের সর্বোচ্চ বিচার দেখার বিষয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঁতাত হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মতিয়া চৌধুরী বলেন, আঁতাতের প্রশ্নই ওঠে না। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি। জামায়াতের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে জামায়াত-শিবির সমাবেশ করে। সেখান থেকে ঘোষণা দেওয়া হয়, যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতাদের সাজা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এ ব্যাপারে সংলাপে প্রশ্ন করা হলে কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন টক শোতে বলা হয়, জামায়াতকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিলে তাঁরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে না। এর পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে। এর সঙ্গে আঁতাতের কোনো সংশ্লিষ্টতা নেই।৫ ফেব্রুয়ারি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বদলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফুঁসে ওঠেন তরুণেরা। রাজধানীর শাহবাগ চত্বরে সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিবাদের মাধ্যমে তাঁরা জন্ম দেন নতুন গণজাগরণের। গত শুক্রবার সেখানে মহাসমাবেশ করে আইন সংশোধন ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতসহ কয়েকটি দাবি জানানো হয়।সংলাপে বিএনপির ভাইস চেয়ারম্যান এম হাফিজউদ্দিন আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এটা আটকে রাখার কোনো সুযোগ নেই। তবে ১৯৭২ সালে বঙ্গবন্ধু অপরাধীদের ক্ষমা করে আজকের অবস্থার সৃষ্টি করেছেন বলে তিনি দাবি করেন। এই বক্তব্যের পর একজন দর্শক এম হাফিজউদ্দিনকে উদ্দেশ করে বলেন, আপনি মিথ্যা বলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে মুক্তযুদ্ধ চলাকালে হত্যা, লুট ও ধর্ষণের অভিযোগে কারাগারে থাকা ১১ হাজারের মতো ব্যক্তিকে ক্ষমা করেননি। বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কথা বলবেন না। তবে এর জবাবে তিনি আর কিছু বলেননি।সংলাপটি সঞ্চালনা করেন বিবিসির সাংবাদিক আকবর হোসেন। আর এটি প্রযোজনা করেছেন ওয়ালিউর রহমান।