আইন পাস হলে দুদক কতটুকু কার্যকর হবে সন্দিহান চেয়ারম্যান
সরকারি ব্যবস্থার মধ্যে একটি চক্র রয়েছে, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চায়। তাই দুর্নীতি দমন আইন (দুদক) চূড়ান্ত হলে তা কমিশনের কতটুকু উপকারে আসবে বা তা দুর্নীতি দূর করতে কতটা কার্যকর হবে, সেটা ভেবে দেখতে হবে।গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত দশম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দুদকের চেয়ারম্যান এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুদক এখনো পূর্ণাঙ্গ নয়। এর আইনটি পূর্ণাঙ্গ করতে দুদক কিছু সুপারিশ করেছে। কিন্তু সেটা হয়তো অন্তর্ভুক্ত না-ও করা হতে পারে। গোলাম রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদক সংবিধান ও আইনের ঊর্ধ্বে থেকে কাজ করেছিল। সে সময় দুটি আইনও তারা করেছিল, যা বর্তমান গণতান্ত্রিক সংসদীয় সরকার বাতিল করে দেয়। ওই সময়ে দুদক কর্তৃপক্ষের অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উচ্চ আদালত থেকে প্রায় সবাই রেহাই পেয়েছেন। আমরা চেষ্টা করছি উচ্চ আদালতে আবেদন করে ওই সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার।’বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি রোধে সরকারের কাছে অবশ্যই দাবি তোলা যাবে, তবে এর আগে প্রত্যেক নগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। অন্যথায় সরকারের একার পক্ষে দেশ থেকে দুর্নীতি দূর করা অসম্ভব। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়াসাত আজিম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিতর্ক প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন টিএসসির পরিচালক আলমগীর হোসেন, ডিইউডিএসের প্রধান মডারেটর সৈয়দ মনজুরুল ইসলাম, মডারেটর মাহবুবা নাসরিন, ঢাবির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শিউলি আফসার, ডিইউডিএসের সাবেক সভাপতি রাশেদুল আলম ও আল আমিন চৌধুরী।