সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইন পেশা এবং বিচারিক ও আধা বিচারিক পদে দায়িত্ব পালনের বিষয়ে সংবিধানের ৯৯ অনুচ্ছেদ-সংক্রান্ত পরিবর্তন সাময়িক সময়ের জন্য মার্জনা করা হয়েছে।গতকাল মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত সাত বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা এক সংশোধন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ফলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে ওকালতি ও বিচারিক বা আধা বিচারিক পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকছে না।১৯৭২ সালের সংবিধান অনুসারে অবসর পাওয়া বিচারপতিদের ওকালতির সুযোগ ছিল না। তবে সংবিধানের পঞ্চম সংশোধনীতে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে আইন পেশা পরিচালনা এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বা অপসারিত বিচারপতিদের বিচারিক বা আধা বিচারিক কাজে দায়িত্ব পালনের বিধান যুক্ত করা হয়। কিন্তু ওই সংশোধনী উচ্চ আদালতে অবৈধ ঘোষিত হয়। পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের আলোকে ফেব্রুয়ারিতে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। পুনর্মুদ্রণের পর অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিচারিক বা আধা বিচারিক পদে দায়িত্ব পালন এবং ওকালতি করা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ অবস্থায় সৃষ্ট জটিলতা নিরসনে রাষ্ট্রপক্ষ গত সোমবার ৯৯ অনুচ্ছেদ মার্জনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানি নিয়ে আদালত আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি পরিচালনা করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খোন্দকার দিলীরুজ্জামান।আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘সামরিক আইন প্রবিধান ও আদেশ দিয়ে পঞ্চম সংশোধনীতে যেসব অনুচ্ছেদ যুক্ত করা হয়, সেগুলো অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায় আপিল বিভাগ কিছু সংশোধনী সাপেক্ষে বহাল রাখেন। এ ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনার আবেদন করেছিলাম। এই আবেদনের ওপর ১১ মে আপিল বিভাগ আদেশ দেন। আদেশে সুপ্রিম কোর্ট সংবিধানের ৬, ৪৪, ৯৬ ও ১০২(১) অনুচ্ছেদকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর বা সংসদে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মার্জনা করেন। পঞ্চম সংশোধনী মামলার রায় অনুযায়ী সংবিধান পুনর্মুদ্রিত হয়েছে। তবে আদি সংবিধানের ৯৯ অনুচ্ছেদটি পুনঃস্থাপিত হওয়ার ফলে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা—যাঁরা আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করছিলেন—তাঁদের কাজ পরিচালনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এ ছাড়া সুপ্রিম কোর্টের যেসব সাবেক বিচারপতি বিচারিক বা আধা বিচারিক পদে দায়িত্ব পালন করছেন, তাঁদের কাজ নিয়েও প্রশ্ন দেখা দিত।’মাহবুবে আলম আরও বলেন, ‘তাই আমরা জনস্বার্থ বিবেচনা ও আইনের ধারাবাহিকতা রক্ষায় ৯৯ অনুচ্ছেদ মার্জনার জন্য আবেদনটি করি। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। অন্যান্য অনুচ্ছেদের মতো ৯৯ অনুচ্ছেদের ক্ষেত্রে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অথবা এ ব্যাপারে সংসদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মার্জনা বহাল থাকবে।’ তিনি বলেন, ‘আমি যতদূর জেনেছি, সংসদীয় কমিটির সুপারিশেও সাবেক বিচারপতিদের আইন পেশায় নিয়োজিত থাকার সুযোগ দিতে বলা হয়েছে।’প্রসংগত, হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের ওই রায় বহাল রাখেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পুনর্মুদ্রিত সংবিধান প্রকাশিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করে। শুনানি নিয়ে গত ১১ মে সুপ্রিম কোর্ট রায়ের অংশবিশেষ সংশোধন করে আদেশ দেন।