আইন পেশা ও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত বিচারপতিরা যাতে আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আপিল বিভাগ মঞ্জুর করেছেন। এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আদালত ও কোনো কর্তৃপক্ষে (বিচারিক ও আধা বিচারিক প্রতিষ্ঠানে) কাজ চালিয়ে যেতে পারবেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ আবেদনের ওপর দ্বিতীয় দফায় শুনানি অনুষ্ঠিত হয়। সোয়া ১২টার দিকে আদালত আবেদনটি মঞ্জুর করেন। অবসরপ্রাপ্ত বিচারপতিরা যাতে আপিল বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারেন, সে জন্য রাষ্ট্রপক্ষ গতকাল সোমবার আবেদন করে। এ-সংক্রান্ত সংবিধানের ৯৯(২) অনুচ্ছেদ সংশোধন চেয়ে আপিল বিভাগে আবেদনটি করা হয়।এর ওপর আজ সকালে সোয়া নয়টায় এক দফায় শুনানি অনুষ্ঠিত হয়ে বেলা সাড়ে ১১টায় আবারও শুনানির ক্ষণ নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে পঞ্চম সংশোধনীর রায়ের অংশবিশেষ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনটি সংশোধন করতে বলা হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৯৯(২) নিয়ে একটি আবেদন করা হয়েছে। আদালত বলেন, ৯৯(১) অনুচ্ছেদ অনুসারে আপিল ট্রাইব্যুনাল, পিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছেন তাঁদের ক্ষেত্রে কী হবে, সেটাই আদালতের কাছে মূল বিবেচ্য বিষয়। অ্যাটর্নি জেনারেল বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচারিক ও আধা বিচারিক পদে থাকতে পারবেন না—এটিও মার্জনা চাওয়া হয়েছে। ৯৯ অনুচ্ছেদ তুলে ধরে মাহবুবে বলেন, ‘দফায় ব্যবস্থিত বিধান ব্যতিরেকে কোনো ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্বপালন ব্যতীত বিচারক পদে দায়িত্ব পালন করে থাকলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের কিংবা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিতে পারিবেন না। অথবা বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে বহাল হইবেন না।’ এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতিরা আইন পেশা পরিচালনা করতে পারছেন না। এ পর্যায়ে আদালত আবেদন সংশোধনের কথা বলেন। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইন পেশায় নিয়োজিত থাকার সুযোগ ছিল না। তবে পঞ্চম সংশোধনীতে এ সুযোগ দেওয়া হয়। তবে ওই সংশোধনী অবৈধ ঘোষণাসংক্রান্ত রায়ের পর পুনর্মুদ্রিত সংবিধানে এ ক্ষেত্রে বিধিনিষেধ যুক্ত হয়। এ অবস্থায় ওই অংশে সংশোধন চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।