আইন প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রীসহ তিনজন মুরতাদ: আমিনী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালকে মুরতাদ আখ্যা দিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে এই তিনজন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন বলে আমিনী অভিযোগ করেন।ইসলামী আইন বাস্তবায়ন কমিটির লালবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমিনী অভিযোগ করে বলেন, কামরুল ইসলাম বলেছেন মহানবী (সা.) ধর্মনিরপেক্ষ ছিলেন। আর ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, মহানবী মসজিদের অর্ধেক স্থান হিন্দুদের পূজার জন্য জন্য ছেড়ে দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে, শামীম মোহাম্মদ আফজাল এক অনুষ্ঠানে কোরআন থেকে জিহাদের আয়াত বাদ দেওয়ার কথা বলেছিলেন।ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির একই সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অপসারণ দাবি করেছেন। এ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেন তিনি।সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলাম নির্মূলের এজেন্ডা নিয়ে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার তদবির চালিয়ে যাচ্ছেন।ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন অনেকে বলছেন শুধু ঢাকা ভাগ নয়, দেশকে দুভাগ করে একভাগের রানি হবেন শেখ হাসিনা, আরেক ভাগের রানি হবেন শেখ রেহানা।’ সরকার তাঁকে আট মাস ধরে গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয় কোনো মানবাধিকার সংগঠন কথা বলছে না। মানবাধিকার সংগঠনগুলো ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্যই কাজ করে যাচ্ছে। প্রচলিত মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে প্রকৃত মানবাধিকার রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।