আইন প্রতিমন্ত্রী বিএনপির আন্দোলনের সহায়ক শক্তি: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘আইন প্রতিমন্ত্রী কথা বললে দেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেটি তিনি না বুঝলেও আমরা ঠিকই বুঝি।’৭ নভেম্বর উপলক্ষে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর রায় এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ‘চিরদিন ক্ষমতায় থাকার জন্য সরকার সংবিধান সংশোধন করেছে। সংবিধানের ৭ (খ) ধারায় বলেছে, পঞ্চদশ সংশোধনী সংশোধনযোগ্য নয়। আমি মনে করি, ক্ষমতার মালিক জনগণ। সেটা সংবিধানে বলা আছে। ৭ (খ) ধারার মাধ্যমে জনগণকে অবজ্ঞা করা হয়েছে।’ তাই আদালতে প্রশ্ন উঠলে এই সংশোধনী বাতিল হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। মওদুদ আহমদ আরও বলেন, এই সরকার অদক্ষ, অনভিজ্ঞ ও দুর্নীতিবাজ। অদক্ষ বলেই তারা ছয় মাসে জ্বালানি তেলের দাম তিনবার বাড়িয়েছে। এ কারণে মুদ্রাস্ফীতি ও ডলারের দাম বাড়বে। তিনি বলেন, বর্তমানে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সরকার চলছে। শেয়ারবাজারের টাকা বিদেশে চলে গেছে। এ টাকা দেশে বিনিয়োগ হয়নি বলে অর্থনীতি ভালো হয়নি। বিশ্বমন্দার নেতিবাচক প্রভাব বাংলাদেশে এসে পড়বে, অথচ এটি মোকাবিলা করার জন্য সরকারের কোনো প্রস্তুতি নেই। তিনি পদ্মা সেতুর দুর্নীতি তদন্তে ‘পাবলিক ইনকোয়ারি কমিশন’ গঠনের দাবি জানান। তা না হলে বিএনপি ক্ষমতায় এসে তদন্ত করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।স্বদেশ জাগরণ পরিষদের প্রধান কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে ৭ নভেম্বরের সৃষ্টি। তখন যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ৭ নভেম্বর বিপ্লব হয়েছিল। এটি করা হয়েছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তিনি অভিযোগ করেন, সরকার ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে। কয়েক দিন পর ব্যাংক আর আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না।