আইন প্রতিমন্ত্রীর নির্দেশনায় টিপুর মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের লিখিত নির্দেশনায় সাংবাদিক টিপু সুলতানের আলোচিত নির্যাতন মামলাটি প্রত্যাহারের জন্য কমিটিতে তোলা হয়েছিল এবং কমিটি তা প্রত্যাহারের সুপারিশ করেছে। আবার গতকাল প্রতিমন্ত্রীই বলেছেন, মামলা প্রত্যাহারের যে সুপারিশ করা হয়েছিল, তা বাতিল করা হবে।সাংবাদিক টিপু সুলতানকে নির্যাতনের বিষয়টি দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোচিত। গত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ঘটা ওই চরম নির্যাতনের বিষয়ে তখন টিপু সুলতান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক নেতা জয়নাল হাজারীকে প্রধান আসামি করে ফেনী থানায় এজাহার দায়ের করেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে থানা মামলাটি গ্রহণ করে। এ মামলায় জয়নাল হাজারীসহ ১৩ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রও দেয়। একজন সাংবাদিকের করা সেই মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সভায় উত্থাপনের জন্য লিখিত নির্দেশনা দেন আইন প্রতিমন্ত্রী। ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির’ সভাপতিও আইন প্রতিমন্ত্রী। খুন-ধর্ষণের অনেক মামলা প্রত্যাহারের সুপারিশ করায় ইতিমধ্যে এ কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।গত ১৭ অক্টোবর মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেনী জেলা প্রশাসকের বরাবর চিঠি পাঠানো হয়। কিন্তু বিষয়টি গত দুই মাস গোপন রাখা হয়। স্থানীয় সূত্র বলছে, নিজেদের সুবিধাজনক সময়ে আদালতে উপস্থাপনের জন্য এ কৌশল নেওয়া হয়। তবে বিষয়টি সম্প্রতি ফাঁস হয়ে যায়। এসব বিষয়ে গত রোববার জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেছিলেন, ‘মামলার কাগজপত্র না দেখে আমি কিছু বলতে পারব না। আমার মনে নেই।’কিন্তু গতকাল সোমবার এই প্রতিবেদককে একাধিকবার ফোন করেন আইন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, রোববার তাঁর বক্তব্য নেওয়া হলেও মামলা প্রত্যাহারের খবরটি কেন ছাপা হয়নি। কাগজপত্র দেখে নির্ভুলভাবে প্রতিবেদন করা হবে জানানো হলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই মামলা তো আদালত এখনো প্রত্যাহার করেননি, বিষয়টি আমি দেখছি। ভুলক্রমে অনেক মামলার মধ্যে এটা হয়ে থাকতে পারে। আবেদনের কোথাও লেখা ছিল না বিষয়টি সাংবাদিক নির্যাতনের মামলা।’ পরে তিনি এই প্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, ‘মামলাটি প্রত্যাহারের সুপারিশ বাতিল করা হবে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফেনী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি ফেনীর আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী তাঁর নামে বিভিন্ন মামলা প্রত্যাহারের জন্য দুই দফা আবেদন করেন। প্রথমবার ফেনী জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ২০০৯ সালের ২৫ মার্চ।মামলা প্রত্যাহারের আবেদনে জয়নাল হাজারী দাবি করেন, তিনি ও তাঁর দলের নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর ষড়যন্ত্রমূলকভাবে এ মিথ্যা মামলা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, এ মামলা প্রত্যাহার করা বিশেষ প্রয়োজন। হাজারীর এ আবেদনে সুপারিশ করেন ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ। তিনি লেখেন, ‘এ মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক হওয়ায় প্রত্যাহার করার জন্য সুপারিশ করছি।’ওই বছরই জেলার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির সভায় মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। তখনকার জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন চৌধুরী ও পিপি হাফেজ আহাম্মদ।তবে ২০০৯ সালের পর থেকে জাতীয় কমিটির বিভিন্ন সভায় মামলাটি প্রত্যাহারের জন্য উত্থাপন করা হলেও তা নাকচ হয়ে যায়। পরে ২০১০ সালের ১১ আগস্ট মামলার আরেক আসামি ফেনী জেলা যুবলীগের তখনকার যুগ্ম আহ্বায়ক এম শাহজাহান ওরফে সাজু রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন পাঠান। আবেদনে দাবি করা হয়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি ও আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জয়নাল হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আটজন নেতা-কর্মীকে হয়রানি করার উদ্দেশ্যে একটি মিথ্যা মামলা (নং ২২) দায়ের করা হয়। গত বছরের ২৬ জুলাই ওই আবেদনপত্র স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠিয়ে পরবর্তী সভায় নথিসহ উপস্থাপনের জন্য পেশ করতে লিখিত নির্দেশনা দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালের ২৫ জানুয়ারি তখনকার সাংসদ জয়নাল হাজারীর নেতৃত্বে তাঁর ‘ক্লাস কমিটি’র (ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী) সদস্যরা বার্তা সংস্থা ইউএনবির ওই সময়ের জেলা প্রতিনিধি টিপু সুলতানকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হাত-পা গুঁড়িয়ে দেয়। টিপু সুলতান এখন প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার। জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এ ধরনের মামলা প্রত্যাহারের সুপারিশের ফলে বোঝা যাচ্ছে, বিষয়টি বাণিজ্যিকভাবে বিবেচনা করা হচ্ছে।