আইন প্রতিমন্ত্রীর ভাগনে আগুনে পুড়ে মারা গেছেন
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় আজ রোববার সকালে আহমেদ শওকত মাসুদ (৪৩) নামের এক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন। তিনি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাগনে। প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ল্যাপটপ বিস্ফোরণে বিছানায় আগুন ধরে গেলে শওকত দগ্ধ হয়ে মারা গেছেন। তবে পুলিশ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। শওকত তাঁর দূর সম্পর্কের এক ভাইকে নিয়ে তাঁর ফুপা কাজী আতাউর রহমানের ৮১১, পশ্চিম কাজীপাড়ার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। পাশের ফ্ল্যাটে থাকেন আতাউর রহমান।পাশের বাড়ির গাড়িচালক নওশাদ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, সকালে চিত্কার শুনে দৌড়ে এসে দেখেন আতাউর রহমানের পাশের ফ্ল্যাট থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। এ সময় আশপাশের লোকজন ‘আগুন’ ‘আগুন’ চিত্কার দিতে থাকেন। বাড়ির নিরাপত্তাকর্মী বৃদ্ধ নজরুল ইসলাম জানান, বাইরে থেকে আগুন নেভাতে লোকজন ভিড় করলে তিনি ভবনটির প্রধান ফটক খুলে দেন। মৃত শওকতের ফুপাতো ভাই কাজী জিয়াউর রহমান বলেন, আগুন আগুন চিত্কারে তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দরজা খুলে বেরিয়ে দেখেন ভবনের বাসিন্দারা আতঙ্কে স্ত্রী-সন্তান নিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নামছেন। এরই মধ্যে লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় শওকতকে উদ্ধার করে। এ সময় বিছানায় আগুন জ্বলছিল। বদ্ধ ঘরটির ধোঁয়া বের করতে লোকজন দরজার জানালার কাচ ভেঙে ফেলতে বাধ্য হন। এরপর সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। পরে শওকতকে একাধিক হাসপাতালে নেওয়া হয়। দুপুর পৌনে ১২টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কেউ কেউ দাবি করেন, মেঝেতে শওকত অগ্নিদগ্ধ অবস্থায় পড়েছিলেন। শওকতের সঙ্গে থাকা দূর সম্পর্কের এক ভাই ঘটনার আগে বাসা থেকে বেরিয়ে যান বলে জিয়াউর রহমান জানান। হাসপাতাল সূত্র জানায়, শওকতের শরীরের পেছনের ভাগ মারাত্মক দগ্ধ ছিল। মুখমণ্ডল ছাড়া শরীরের বিভিন্ন স্থান ঝলসানো ছিল। ৮১১, কাজীপাড়ায় গিয়ে শওকতের ফ্ল্যাটে ঢুকতেই উত্কট পোড়া গন্ধ ভেসে আসে। তাঁর শোয়ার ঘরে বিছানার চাদর, তোষক, জাজিম পুড়ে গেছে। তবে কাঠের খাট পোড়েনি। খাট থেকে বেশ কিছু দূরে দেয়াল ঘেঁষে থাকা ওয়ারড্রব ও ট্রলির ওপর রাখা টেলিভিশনও অক্ষত। এর কাছেই দুটি ফোমের চেয়ার। একটি চেয়ারের ওপর বন্ধ থাকা একটি ল্যাপটপের পেছনের অংশ ও ‘মডেম’ পোড়া। আর বাকি সব অক্ষত। ঘরটির দেয়ালে কালির আস্তরণ পড়ে আছে। শোয়ারঘরসহ তিনটি কক্ষই অক্ষত ছিল।দুপুরে মিরপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই বাসা থেকে আলামত সংগ্রহ করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলোকে ডটকমকে বলেন, শওকত আগুনে পুড়ে মারা গেছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জিয়াউর রহমান বলেন, রাতে শওকত ল্যাপটপটি চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে সেটি বিস্ফোরিত হলে আগুনের ফুলকি বিছনায় পড়ে আগুন ধরে যায়। তবে শওকতের শোবার ঘরে থাকা ল্যাপটপটি বিস্ফোরণ ঘটেছে, তার আলামত পাওয়া যায়নি। এটি রাখা চেয়ারটিও পোড়েনি এবং খাট থেকে এর দূরত্ব ছিল অন্তত তিন থেকে চার ফুট। পারিবারিক সূত্র জানায়, শওকত আরব-বাংলাদেশ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি ব্যাংকের চাকরি ছেড়ে তিনি দিয়ে আইপিএস ব্যবসা শুরু করেন। শওকতের একমাত্র সন্তান দীপ্ত মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ে। সে ছাত্রাবাসে থাকে। শওকতের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়েছে কয়েক বছর আগে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাড়ইতে। তার বাবার নাম বদরউদ্দিন। ময়নাতদন্ত শেষে শওকতের মরদেহ শাহবাগের বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত তাঁর অপর ভাইয়ের কাল সোমবার দেশে ফেরার কথা। তিনি দেশে ফিরে এলে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।