আইন বানানো আদালতের কাজ নয়: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন। পৃথিবীর কোনো দেশই এ বিচারের বিরোধিতা করছে না; বরং সবাই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে। আর অচিরেই শুরু হবে এই বিচারকাজ।মন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ করতে পারবেন।গতকাল শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে এসেছে—এটা ঠিক নয়। এর অন্যতম কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব। তারা নিজেরাই যখন অর্থনৈতিক মন্দার মধ্যে থাকে, তখন অন্যদের জন্য কী করতে পারে। সুতরাং এটা নিয়ে যারা কথা বলছে, তারা প্রকারান্তরে যুদ্ধাপরাধের বিচারকেই বাধাগ্রস্ত করতে চায়।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আইন বানানো আদালতের কাজ নয়। এর একক ক্ষমতা হচ্ছে সংসদের। সে জন্য সংবিধান বিষয়ে আদালত যেসব মতামত বা পর্যবেক্ষণ দিয়েছে সেটা চূড়ান্ত করবে সংসদ। এ জন্য সংসদে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। বিএনপি এখনো কারও নাম দেয়নি। তবে আশা করা হচ্ছে বিএনপি তাদের প্রতিনিধি পাঠাবে। সম্মেলনে শুরুতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।