আইন বিশেষজ্ঞের সঙ্গে বিচারপতির পরামর্শ নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ৬ ডিসেম্বর দেওয়া এক আদেশে দি ইকোনমিস্ট-এর দুই সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির হতে বলেন। নিজামুল হক এবং বেলজিয়ামপ্রবাসী বাংলাদেশি আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার কথাবার্তা ও ই-মেইল ইকোনমিস্ট কীভাবে পেল—তাঁদের সে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ২০১০ সালে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।টেলিফোনে বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের ১৭ ঘণ্টা কথোপকথনের রেকর্ড দি ইকোনমিস্ট শুনেছে এবং তাঁদের দুজনের মধ্যে আদান-প্রদান করা ২৩০টির বেশি ই-মেইল দেখেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম নীতিমালা অনুযায়ী কেবল বৃহত্তর জনস্বার্থ ছাড়া এ ধরনের গোপন তথ্য আমরা প্রকাশ করতে পারি না। এসব তথ্য পাওয়ার জন্য আমরা কোনো আবেদন করিনি, এ জন্য কোনো অর্থও দিইনি। প্রকাশ করার কথাও আমরা বলিনি।ওই সব ই-মেইল প্রকৃত হয়ে থাকলে ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং বিষয়টি যতটুকু সম্ভব অনুসন্ধান করা যায়—তা আমরা করব। এ জন্যই ওই দুই ব্যক্তির (নিজামুল হক ও জিয়াউদ্দিন) সঙ্গে যোগাযোগ করা হয়।আমাদের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে যদি মনে হয় ওই সব ই-মেইল বা কথোপকথন যথার্থ, তাহলে আমরা তা প্রকাশ করব। তবে এখন আমরা নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আমাদের কথাবার্তার সংক্ষিপ্তসার প্রকাশ করছি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো জুরি নেই এবং তাঁরা মৃত্যুদণ্ডের রায় দিতে পারবেন। যুদ্ধাপরাধের বিচারের প্রথম রায় হতে পারে কয়েক দিনের মধ্যে। বেলজিয়ামের ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশি নাগরিক আহমেদ জিয়াউদ্দিন আন্তর্জাতিক আইনের একজন বিশেষজ্ঞ। নিজামুল হক ও জিয়াউদ্দিন পরস্পরের পরিচিত প্রায় ২৫ বছর ধরে। তাঁরা দুজনই মানবাধিকার বিষয়ে কাজ করেন। জিয়াউদ্দিনের প্রয়াত এক ভাই নিজামুল হকের সহপাঠী বন্ধু ছিলেন। জিয়াউদ্দিন শুধু আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞই নন, বেলজিয়ামভিত্তিক বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক। তাঁর ভাষায়, এই প্রতিষ্ঠান বাংলাদেশের যুদ্ধাপরাধ ঘিরে ‘দায়মুক্তির সংস্কৃতি’ অবসানের লক্ষ্যে কাজ করছে।ট্রাইব্যুনালের নির্দেশে বিচারপতি নিজামুল হকের সঙ্গে জিয়াউদ্দিনের সম্পর্কের বর্ণনাও আছে। এতে বলা হয়, একটি ‘নতুন আইনের’ ভিত্তিতে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কাজেই বিচারকাজের জন্য ট্রাইব্যুনাল দেশে ও দেশের বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারেন। জিয়াউদ্দিন তেমনই একজন বিশেষজ্ঞ। নির্দেশে বলা হয়, ‘বিচার কার্যক্রম ও রায়ের বিষয়ে জিয়াউদ্দিনের সহায়তা নিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।’ব্রাসেলসে দি ইকোনমিস্ট-এর সঙ্গে আলাপকালে জিয়াউদ্দিনও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা বিচারকদের নিজস্ব বিষয়, গবেষণা সহযোগিতা বা অন্যান্য সহযোগিতা তিনি কোথা থেকে নেবেন, সে সিদ্ধান্ত একান্তই তাঁর। সে অধিকার তাদের দেওয়া আছে। (বাংলাদেশে) প্রয়োজনীয় গবেষণা সহায়তা না পাওয়া গেলে, তাঁরা চাইলে বাইরের কোনো বিশেষজ্ঞ (আন্তর্জাতিক আইন) থেকে সহযোগিতা নিতে পারেন। আমি তাঁকে কোনো পরামর্শ দিইনি, কিন্তু প্রয়োজন হলে আমি চেষ্টা করব।’কিন্তু ট্রাইব্যুনালের নির্দেশের সঙ্গে জিয়াউদ্দিনের বক্তব্য ও আমাদের দেওয়া বিচারপতি নিজামুল হকের বক্তব্যে বৈপরীত্য আছে। ট্রাইব্যুনাল যেদিন নির্দেশ জারি করেছেন, তার আগের দিন ৫ ডিসেম্বর সন্ধ্যায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান আমাদের কাছে দাবি করেন, তিনি আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে কোনো সহযোগিতা নেননি। তবে তিনি স্বীকার করেন, জিয়াউদ্দিনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে সেসব কথা বিচারের নথিপত্র তৈরির জন্য নয় বলে তিনি দাবি করেন। বিচারপতি নিজামুল হক বলেন, ‘বিচারপতি হিসেবে আমরা বাইরের কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা নিতে পারি না।’ জিয়াউদ্দিনের সঙ্গে তাঁর ই-মেইল আদান-প্রদান হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, না, ট্রাইব্যুনালের কার্যক্রম বা রায়ের বিষয়ে কোনো কথাই হয়নি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে আমরা ট্রাইব্যুনালের কার্যক্রমের বিষয় নিয়ে স্ত্রীদের সঙ্গেও আলোচনা করতে পারি না।’আদালতের কার্যক্রম নিয়ে বিচারকদের অনেক সতর্ক থাকতে হয়। চলমান কোনো বিচার নিয়ে তৃতীয় এমন কোনো পক্ষের সঙ্গে তাঁদের কথা বলা উচিত নয়, যাতে বিচার প্রভাবিত হতে পারে।কাজেই এ নিয়ে এখন বেশ কিছু প্রশ্ন উঠেছে। সহায়তা নেওয়ার জন্য কিসের ভিত্তিতে বিচারক ওই বিশেষজ্ঞকে বেছে নিলেন? ৬ ডিসেম্বর নির্দেশ জারির আগ পর্যন্ত কেন আহমেদ জিয়াউদ্দিনের ভূমিকা ট্রাইব্যুনাল এবং দেশের জনগণের কাছে প্রকাশ করা হলো না? ট্রাইব্যুনালের নির্দেশে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের অগ্রগতি নিয়ে জিয়াউদ্দিনের সঙ্গে কথা হয়েছে এবং চলমান বিচার কার্যক্রম ও রায়ের বিষয়ে তাঁর কাছ থেকে সহযোগিতাও নেওয়া হয়েছে। তাহলে ৫ ডিসেম্বর তিনি (নিজামুল হক) আমাদের বললেন, ট্রাইব্যুনাল ও বিচার কার্যক্রম নিয়ে তাঁদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি? এ ছাড়া, তিনি কেনই বা বললেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি চলমান বিচার নিয়ে বাইরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে পারেন না?দি ইকোনমিস্ট-এর প্রতিবেদন সম্পর্কে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাদের পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে রায় নির্ভর করে তদন্ত ও পরবর্তী কার্যক্রমে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ওপর, আর কোনো কিছুর ওপর নয়।’ রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ একটি নতুন আইন। এ আইন সম্পর্কে জানতে ও বুঝতে কেউ ব্যক্তিগত উদ্যোগ নিলে তা দোষের নয়। তবে কারও ই-মেইল ও স্কাইপে অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর ব্যক্তিগত ও গোপনীয় তথ্য উন্মুক্ত করা অপরাধ।’