পুলিশ সপ্তাহের উদ্বোধন
আইন ভঙ্গকারী যত শক্তিশালী হোক, শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন ভঙ্গকারী সামাজিকভাবে যত শক্তিশালী হোক না কেন, তাকে বুঝিয়ে দিতে হবে আইন ভাঙলে শাস্তি পেতেই হবে। এ ক্ষেত্রে কে কোন দলের, এটা বিবেচনা করা যাবে না। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে শুরু হওয়া পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাংলাদেশ পুলিশ বাহিনীর বার্ষিক কর্মসূচি ‘পুলিশ সপ্তাহ ২০১১’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক।প্রধানমন্ত্রী পুলিশের কুচকাওয়াজে সালাম গ্রহণ এবং পদক বিতরণ করেন। সুসজ্জিত একটি খোলা জিপে করে তিনি কুচকাওয়াজ মাঠ প্রদক্ষিণ করেন। এ বছর সাহসিকতার জন্য পুলিশ ও র্যাবের ৩৬ জনকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, কূটনীতিক এবং পুলিশ ও র্যাবের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্র হতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কোনো ধরনের ভয়ভীতি, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দেশের বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পৃথিবীর সব সমাজেই ভালো-মন্দ দুই ধরনের মানুষ আছে। সে জন্য ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ পুলিশ বাহিনীর সদস্যদের প্রধান দায়িত্ব। আইনের যথাযথ প্রয়োগ হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমতে বাধ্য।শেখ হাসিনা বলেন, জনগণের প্রয়োজনে সরকার আইন প্রণয়ন করে থাকে। আর সমাজকে অপরাধের অভিশাপ থেকে মুক্ত করার জন্য এসব আইন যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব পুলিশের। বিপদগ্রস্ত মানুষ সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হলে তারা যাতে কোনো প্রকার দুর্ভোগের শিকার না হয়, পুলিশকে তা নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেবা গ্রহণের জন্য আগত লোকজন যাতে কোনো প্রকার হয়রানি বা সমস্যার মুখোমুখি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আপনাদের সাইবার ক্রাইম ও মানিলন্ডারিংয়ের মতো অপরাধ দমন করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, সরকার মামলার তদন্তব্যবস্থা উন্নত করার লক্ষ্যে স্বয়ংসম্পূর্ণ ও প্রযুক্তিনির্ভর একটি তদন্ত দল গঠনের চিন্তাভাবনা করছে। এসবি, সিআইডিসহ পুলিশ বাহিনীর সব শাখাকে বিশেষ ভাতা প্রদানের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। খুব শিগগির সাব ইন্সপেক্টর পদটি দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদটি প্রথম শ্রেণীতে উন্নীত করা হবে। তিনি বলেন, টুরিস্ট পুলিশ, মেরিন পুলিশ, সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়ন এবং জঙ্গি দমনে ব্যুরো অব কাউন্টার টেররিজম গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।