আইন ভেঙে দেয়াল লিখন ও পোস্টার সাঁটালে কারাদণ্ড
আইন ভেঙে দেয়াল লিখন এবং পোস্টার সাঁটালে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) বিল ২০১১’ পাস হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। গত বছরের ২৮ নভেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল।আইনে কোনো ব্যক্তি বা কোম্পানি বিধান লঙ্ঘন করে দেয়াল লিখন বা পোস্টার সাঁটালে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বনিম্ন পাঁচ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আরও বলা হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে এই আইন লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী বিচার করা হবে। সুবিধাভোগীর ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেলে ফৌজদারি বিধি, ১৮৯৮ অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হবে। আইন লঙ্ঘনকারী কোম্পানির প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা ও কর্মচারী এ অপরাধ সংঘটন করেছে বলে ধরা হবে।আইনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ দেয়াল লিখন বা পোস্টার সাঁটানোর জন্য প্রশাসনিক আদেশ দ্বারা স্থান নির্ধারণ করে দিতে পারবে। নির্ধারিত স্থানে দেয়াল লিখন ও পোস্টার লাগানো যাবে। তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্ধারিত স্থানের বাইরে বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে এবং ফি দিয়ে দেয়াল লিখন বা পোস্টার সাঁটানো যাবে।আইনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন পরিচালিত জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের স্থানীয় নির্বাচনে প্রচারণা-সংক্রান্ত দেওয়াল লিখন ও পোস্টার লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশনা প্রযোজ্য হবে। তবে অন্য কোনো নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমোদন নিয়ে অনুমোদিত স্থানে প্রচারণা-সংক্রান্ত দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে। অনুমোদিত পোস্টার বা দেয়াল লিখন নির্বাচন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মুছে ফেলতে হবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে জারি করা নির্বাচনী বিধিমালায় দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা এই বিধিমালার আওতায় না থাকায় তারা পণ্য বিপণন, সেবা প্রদান এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়ে যত্রতত্র পোস্টার লাগাচ্ছে। এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এবং বিভিন্ন ভবনের দেয়াল ও যানবাহনের বাইরের অংশ পরিচ্ছন্ন রাখতে এই আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।