আইন ভেঙে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে নিষিদ্ধ করার পরও চলছে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রচার-প্রচারণা। হরহামেশাই চলছে ‘স্পট অ্যাডমিশন’। শিক্ষার্থী ভর্তির নামে অনেক ক্ষেত্রে চলছে কার্যত জনশক্তি রপ্তানি, এমনকি টাকা হাতিয়ে নেওয়ার মতো প্রতারণা।এ দেশে কোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা বা ভর্তির কার্যক্রম চালানোর অনুমোদন নেই। কিন্তু নানাভাবে চলছে তাদের প্রচারণা।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (২০১০)-এ বলা হয়েছে, অনুমোদন নেই এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার-জাতীয় কিছুতে ভর্তি বা শিক্ষা কার্যক্রম চালাতে প্রসপেকটাস বা কোনো রকম প্রচারপত্র প্রকাশ ও প্রচার করা যাবে না। গণমাধ্যমেও কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নির্দেশ রয়েছে আইনে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কালো তালিকাভুক্ত অনেক বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির প্রচারণা পর্যন্ত চালানো হচ্ছে। বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষায়তনে ভর্তি হতে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে।শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৮ সালে দেশি-বিদেশি ৫৬টি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করে। সর্বশেষ গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে অনুমোদনহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের এ দেশে প্রচারণা চালাতে না পারার কথা স্মরণ করিয়ে দিয়েছে।জানা গেছে, কিছু প্রতিষ্ঠান বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ভর্তির নামে মূলত কাজের প্রলোভন দেখিয়ে, যা অনেক ক্ষেত্রে অনিশ্চিত বা মিথ্যা—জনশক্তি পাচার করে। এদের হাতে প্রতারিত হওয়ার ঘটনা অনেক।স্পট অ্যাডমিশন: এজাম্পশন ইউনিভার্সিটি অব থাইল্যান্ডকে ২০০৮ সালে কালো তালিকাভুক্ত করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এখন প্রতিষ্ঠানটির এ দেশে কোনো শাখা নেই। তবে চলছে ‘স্পট অ্যাডমিশন’। গত ২৫ নভেম্বর একটি সংবাদপত্রে তারা ‘স্পট অ্যাডমিশনের’ বিজ্ঞাপন দেয়।এ ছাড়া জার্মানির হাম্বলডট ইনস্টিটিউট, স্কটল্যান্ডের অ্যানেইসল্যান্ড কলেজ, লন্ডনের হলবোর্ন কলেজ, আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ওয়েলসের ল্যানড্রিলো কলেজসহ বিভিন্ন বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য এ দেশে স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করা হয়। খোঁজ নিয়ে দেখা গেছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিরই বাংলাদেশে অনুমোদিত শাখা বা শিক্ষা কার্যক্রম চালানোর অনুমোদন নেই। তাই তারা স্পট অ্যাডমিশনও করাতে পারে না। তারা প্রায় সব ক্ষেত্রে স্থানীয় এজেন্টের মাধ্যমে স্পট অ্যাডমিশনের আয়োজন করে।অনুমোদনহীন আঞ্চলিক কার্যালয়: ইউজিসির তথ্যমতে, বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদিত শাখা বা কার্যালয় নেই। কিছু এজেন্ট আছে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এসব এজেন্টের কিছুটা আইনি ভিত্তি বা অনুমোদন থাকে। তবে তাও পরিপূর্ণ নয়। সেখানে অনেক ফাঁক রয়ে গেছে। নতুন আইনের অধীনে বিধিমালায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে।একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে গুলশানের ইউনিকর্ন প্লাজায় ঠিকানা উল্লেখ করে সেটিকে লন্ডন ইস্ট অ্যান্ড কলেজের আঞ্চলিক কার্যালয় বলে উল্লেখ করা হয়েছে।যোগাযোগ করা হলে জেড নিজাম নামের একজন কাউন্সেলর পরিচয় দিয়ে বলেন, এটি একটি আঞ্চলিক কার্যালয়। অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি বিস্তারিত না বলে শুধু বলেন, ‘কিছু কিছু অনুমোদন তো অবশ্যই আছে।’আরেকটি পরামর্শক প্রতিষ্ঠান তাদের পান্থপথের অফিসকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল কলেজের আঞ্চলিক কার্যালয় বলে দাবি করেছে। তবে কলেজটির ওয়েবসাইটে ওই পরামর্শক প্রতিষ্ঠানটিকে তাদের এজেন্ট বলা হয়েছে। তারা এখানে ওই কলেজে ভর্তির জন্য প্রচারও চালায়। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক সানজিদ হোসেন বলেন, তাঁরা সরকারের স্বীকৃত এজেন্ট। সানজিদ হোসেন মন্তব্য করেন, ইউজিসি বা সরকারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। তাই কিছুটা সমস্যা হচ্ছে।আকর্ষণীয় বিজ্ঞাপন: ‘স্টাডি অ্যান্ড ওয়ার্ক’, ‘আইইএলটিএস ছাড়াই ভর্তি’—এ ধরনের আকর্ষণীয় শিরোনামে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে চলছে ভর্তির প্রচারণা।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্দাম্পটন, দি ইউকে সিটি অব লন্ডন বিজনেস কলেজ, ওয়েলসের ল্যানড্রিলো কলেজ, চীনের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি, হেবিই মেডিকেল, চায়না মেডিকেল, হারবিন মেডিকেল, বেইহুয়া মেডিকেল, চায়না জিয়ামোসি ইউনিভার্সিটি, চায়না সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটিসহ সাইপ্রাস, মালয়েশিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্কসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পরামর্শক প্রতিষ্ঠানগুলো প্রচার চালাচ্ছে।প্রতারণা: সম্প্রতি ভুক্তভোগীদের এক সংবাদ সম্মেলনে জেবা দেলোয়ার জানান, ছেলে ইমরান জাফরীকে যুক্তরাষ্ট্রে পড়তে পাঠানোর জন্য তিনি যোগাযোগ করেছিলেন ‘ইউনাইটেড ফরেন অ্যাডমিশন’-এর সঙ্গে। গত ৫ মে তিনি পাঁচ লাখ টাকা দিয়েছেন। ঈদের পরই তাঁর ছেলের ভিসার জন্য দাঁড়ানোর কথা। কিন্তু তা আর হয়নি। এমনকি যাকে টাকা দিয়েছেন, তিনিই উধাও। জেবা প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহবুব হোসেন সাংবাদিক পরিচয় দেওয়ায় তিনি বিশ্বাস করে অত টাকা দেন।একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন প্রতারিত সোয়েল হোসেন। সোয়েল জানান, তাঁর মতো শতাধিক ব্যক্তি এ প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন। প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, মাহবুব হোসেন অন্তত ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে গেছেন।কর্তৃপক্ষের বক্তব্য: ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম স্পট অ্যাডমিশনের বিষয়ে বলেন, ‘যদি প্রতিষ্ঠিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি নিজেরা এসে ব্যবস্থা করে, তাহলে খুব একটা খারাপ হবে না। তারা শিক্ষা মন্ত্রণালয় বা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আসতে পারে। কিন্তু দেশি এজেন্টদের ওপর ভরসা করা যায় না।’ইউজিসির চেয়ারম্যান জানান, নিয়মানুযায়ী কোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এজেন্ট এ দেশে কাজ করতে চাইলে তাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রঞ্জিত কুমার সেন প্রথম আলোকে বলেন, ব্যবসার লাইসেন্স থাকায় কিছু এজেন্সির কিছুটা আইনি ভিত্তি আছে। কিন্তু যেহেতু এটি শিক্ষাবিষয়ক, তাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন জরুরি। সেটি কারও নেই।উপসচিব জানান, আইনের অধীনে বিধিমালা করা হচ্ছে। সেখানে এজেন্সির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।