আইন ভেঙে সরকারের সঙ্গে সাংসদের বাণিজ্য
আইনের বিধান, সরকারের সঙ্গে কোনো ব্যক্তির কিংবা তাঁর অংশীদারি কোনো প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য থাকলে ওই ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার এবং নির্বাচিত হিসেবে বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর এই বিধান লঙ্ঘন করে সরকারের সঙ্গে লাভজনক ব্যবসা করছেন রাজশাহীর বাগমারা আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হক।এনামুল হকের মালিকানাধীন ‘নর্দার্ন পাওয়ার সলিউশন লিমিটেড’ সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে রাজশাহীর কাটাখালীতে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। একইভাবে তাঁর মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ রাজশাহী সিটি করপোরেশনের জন্য সিটি সেন্টার নির্মাণের ঠিকাদারি করছে। আইনজীবী ও সরকারি কর্মকর্তারা বলেছেন, এগুলো ওই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এভাবে আইন লঙ্ঘনের দায়ে শাস্তির নজির রয়েছে।প্রকৃতপক্ষে, সরকারের সঙ্গে বিদ্যুৎ কেনাবেচার ব্যবসা করার উদ্দেশ্যেই বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে, ২০০৯ সালের ১২ অক্টোবর নর্দার্ন পাওয়ার গঠন করা হয়। সাংসদ এনামুল হক এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর স্ত্রী তহুরা হক অন্যতম পরিচালক।প্রতিষ্ঠানটি গঠনের পরবর্তী নয় মাসের মধ্যে ২০১০ সালের ২৭ জুলাই রাজশাহীর কাটাখালীতে ফার্নেস তেলভিত্তিক ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করে। চুক্তি অনুযায়ী সরকার তথা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ওই কেন্দ্র থেকে পাঁচ বছর বিদ্যুৎ কিনবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে সাত টাকা ৭৮ পয়সা। একইভাবে এনা প্রপার্টিজ রাজশাহী সিটি করপোরেশনের জন্য শহরের প্রাণকেন্দ্র সোনাদীঘির মোড়ে বহুতলবিশিষ্ট সিটি সেন্টার ভবন নির্মাণ করছে।কিন্তু আরপিও অনুযায়ী কোনো ব্যক্তির সাংসদ পদে নির্বাচিত হতে হলে এবং নির্বাচিত হিসেবে বহাল থাকতে হলে তিনি বা তাঁর প্রতিষ্ঠান সরকারের সঙ্গে এমন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন না, যেখান থেকে তিনি কিংবা ওই প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হতে পারে। আরপিওর ১২(১) ধারায় কোনো ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও নির্বাচিত হিসেবে বহাল থাকার যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো নির্বাচনী এলাকার যেকোনো ভোটার ওই এলাকার সদস্য নির্বাচনের জন্য সংবিধানের অনুচ্ছেদ ৬৬-এর উপ-অনুচ্ছেদ (১)-এর অধীন সদস্য হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তি সদস্য নির্বাচিত হওয়ার এবং সদস্য পদে বহাল থাকার যোগ্য হবেন না, যদি....(ট) কোনো সমবায় সমিতি এবং সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি ব্যতীত, সরকারকে পণ্য সরবরাহ কবার জন্য বা সরকার কর্তৃক গৃহীত কোনো চুক্তির বাস্তবায়ন বা সেবা কার্যক্রম সম্পাদনের জন্য, তিনি তাঁর নিজ নামে বা তাঁর ট্রাস্টি হিসেবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে বা তাঁর সুবিধার্থে বা তাঁর উপলক্ষে এরূপ চুক্তিতে আবদ্ধ হয়ে থাকেন।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, আরপিওর ১২ অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও নির্বাচিত থাকার যোগ্যতা সম্পর্কে যা বলা হয়েছে, তাতে সরকারের সঙ্গে কোনো লাভজনক চুক্তিতে আবদ্ধ কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হতে কিংবা নির্বাচিত হিসেবে বহাল থাকতে পারেন না।শাহ্দীন মালিক বলেন, আরপিওর ১২ অনুচ্ছেদের ‘ট’ উপ-অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার আগেই যদি সরকারের সঙ্গে লাভজনক কোনো ব্যবসা বা চুক্তিতে আবদ্ধ থাকেন, তাহলে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। সে ক্ষেত্রে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর নির্বাচিত হওয়ার পর এমন পরিস্থিতি হলে স্পিকার বিষয়টি তদন্ত করে ‘সংসদ সদস্য (বিরোধ নিষ্পত্তি) আইন ১৯৮১ অনুযায়ী ব্যবস্থা নেবেন।এই আইন লঙ্ঘনের দায়ে আদালতের রায়ে কোনো ইউপি চেয়ারম্যানের পদ বাতিল হয়ে গেছে, এমন নজিরও আছে। যোগাযোগ করা হলে সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, আইনটি পাকিস্তান আমল থেকেই চালু আছে। এই আইনের আওতায় তিনি ১৯৭০ সালে জেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিলেন। ওই প্রার্থী সরকারের বিভিন্ন কাজের ঠিকাদারি করতেন। পরে আদালতও তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন।