আইন মন্ত্রণালয়ের সত্যায়ন পেতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমান মিয়ার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। তাঁর বোনের স্বামী থাকেন বেলজিয়ামে। রহমানের বোনকে বেলজিয়ামে পাঠানোর প্রস্তুতি চলছে। বেলজিয়ামের দূতাবাসে ভিসার আবেদন করার সময় অন্য কাগজপত্রের সঙ্গে কাবিননামাও জমা দিতে হবে। কাবিনামাটি সত্যায়ন করতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে জানান, নোটারি করা কাবিননামাটি আইন মন্ত্রণালয় থেকে সত্যায়ন করাতে হবে। তাই এক সকালে লৌহজং থেকে কাবিননামাটি নিয়ে চলে আসেন জাতীয় প্রেসক্লাবের পাশে পরিবহন পুল ভবনের দ্বাদশ তলায়। সেখানে কাবিননামা সত্যায়ন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব। সেখানে কাবিননামা জমা দিতে গেলে তাঁকে বলা হয়, তাঁর কাবিননামায় নোটারি করা হলেও এতে নোটারি পাবলিকের ক্রমিক নম্বর নেই। তাই তাঁকে পুরানা পল্টনের এক নোটারি পাবলিকের কাছে গিয়ে নতুন করে গাঁটের টাকা খরচ করে নোটারি করতে হয়। আবার কাবিননামাটি ফটোকপিও করতে হয়। কারণ, যে কাগজ সত্যায়ন করতে হবে, তার একটি ফটোকপিও জমা দিতে হয় সংশ্লিষ্ট সচিবের অফিস সহকারীর কাছে। এসব ঝক্কি শেষ করেও কাবিননামা সত্যায়ন করতে তাঁকে আরও সময় অপেক্ষা করতে হয়েছে। কারণ, নোটারি করা কাগজপত্র জমা নেওয়া হয় সকাল নয়টা থেকে দুপুর ১২টার মধ্যে। আর সত্যায়ন শেষে তা ফেরত দেওয়া হয় বিকেল তিনটা থেকে চারটার মধ্যে। অপেক্ষার এ সময়ে রহমান নিচে গিয়ে খানিক সময় ঘুরে এসেছেন। এরপর বেলা দুইটার দিকে ওপরে এসে লিফটের পাশের মেঝেতেই দেয়ালে ঠেস দিয়ে বসে ছিলেন। তাঁর মতো আরও অনেকেই এভাবে বসে ছিলেন। কারণ, সচিবের দপ্তরে কাগজপত্র সত্যায়ন করাতে আসা মানুষের জন্য কোনো বসার জায়গা নেই।কাবিননামা, তালাকনামা, সন্তানের দায়িত্বভার নেওয়ার কাগজ, অবিবাহিত থাকার প্রামাণিক সনদসহ প্রভৃতি পারিবারিক কাগজপত্র একটা সময় শুধু নোটারি করলেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন (অ্যাটেস্টেশন) পাওয়া যেত। কিন্তু আট মাস ধরে এসব কাগজ নোটারি করার পরও আইন মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে নিতে হচ্ছে। কিন্তু পরিবহন পুল ভবনের দ্বাদশ তলায় আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের দপ্তরে এসব কাগজ সত্যায়ন করতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। কেননা সেখানে প্রতিদিন ১০০ থেকে ২০০ মানুষ কাগজপত্র সত্যায়ন করাতে ভিড় করলেও সেখানে তাঁদের বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করার মতো কোনো কক্ষ নেই। অথচ দেশে একমাত্র এখান থেকেই পারিবারিক কাগজপত্র সত্যায়নের সুযোগ রয়েছে। তাই নানা জেলা থেকে বিদেশ যেতে ইচ্ছুক মানুষ পারিবারিক কাগজপত্র সত্যায়ন করতে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে এসে দুর্ভোগে পড়ছেন। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায়, যখন আগের করা নোটারিতে ক্রমিক নম্বর না থাকার অজুহাতে তা নতুন করে নোটারি করতে হয়।গিয়ে দেখা গেছে, সত্যায়ন করতে এসে অনেকেই অপেক্ষা করছেন পরিবহন পুল ভবনের দ্বাদশ তলার লিফটের সামনের প্যাসেজে। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ দেয়ালে হেলান দিয়ে মেঝেতেই বসে পড়েছেন, কেউ বা বসেছেন সিঁড়ির ধাপে। এর মধ্যে নারীর সংখ্যাও কম নয়। কেউ কেউ আবার এখানে বসেই কলা-রুটি দিয়ে দুপুরের খাবার সারছেন। কেউ কেউ অভিযোগ করলেন, তাঁরা কাগজ নোটারি করে আনলেও তাতে ক্রমিক নম্বর না থাকায় নতুন করে নোটারি করতে হয়েছে। নোটারি করার কাজটি দপ্তরের কর্মচারীরা করে দিয়েছেন। এ জন্য তাঁরা একেকজনের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা নিয়েছেন। অথচ নোটারি করতে ২০ থেকে ৩০ টাকা লাগার কথা। সত্যায়ন করাতে আসা অনেকে জানান, এ দেশের মানুষ বিদেশে গেলে দেশেরই লাভ। কারণ, এতে দেশে বৈদেশিক মুদ্রা আসে। অথচ বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে তাঁরা দেশের সরকারি দপ্তরগুলোর কাছ থেকে সহায়তার বদলে পাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। অন্তত নারীদের বসার জন্য তো ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষ।আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের দপ্তর সূত্রে জানা যায়, সত্যায়নের দায়িত্বে থাকা ওই সচিবের এ কাজটি একটি বাড়তি দায়িত্ব। তাঁর মূল কাজ এটি নয়। ফলে তাঁকে অন্যান্য কাজেই বেশি সময় দিতে হয়। সেসব কাজ করতে গিয়ে অনেক সময় অন্যান্য দপ্তরে যেতে হয়। ঊর্ধ্বতন পর্যায়ে সভায় যোগ দিতে হয় প্রায়ই। নানা রকম কাজ সারতে গিয়ে তিনি আর সত্যায়নের কাজটি ঠিক সময়ে করতে পারেন না। তখন সত্যায়নপ্রার্থীদের প্রতীক্ষার প্রহর আরও বেড়ে যায়। শুধু সত্যায়নের জন্যই একজন জ্যেষ্ঠ সহকারী সচিব নিয়োগ করা দরকার বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বীকার করেন।কাগজ সত্যায়ন করাতে আসা মানুষকে বসার কোনো জায়গা দেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নে সত্যায়নের দায়িত্বে থাকা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল হান্নান বলেন, সত্যায়নের কাজে আসা লোকজনের বসার জন্য অবশ্যই জায়গা দেওয়া দরকার। কিন্তু এ বিষয়ে তাঁর কিছু করার নেই। তিনি ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি জানাবেন। নোটারি করে দেওয়ার বিনিময়ে তাঁর দপ্তরের কর্মচারীরা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তাঁর কাছে আসেনি। তবে ঢাকার বাইরে থেকে যাঁরা আসেন, তাঁদের অনেকে নোটারি পাবলিকের চেম্বার চেনেন না। তাই তাঁদের হয়তো নোটারি করতে সহায়তা করে থাকেন। সত্যায়নপ্রার্থীদের ভিড় কমাতে অনেক সময় নির্ধারিত সময়ের আগেই জমা হওয়া কাগজপত্র সত্যায়ন করে ফেরত দেওয়া হয় বলে তিনি দাবি করেন।এদিকে পারিবারিক সম্পর্কের কাগজপত্র আইন মন্ত্রণালয়ে সত্যায়ন করার রীতি চালু করায় সাধারণ মানুষের ঝামেলা বেড়েছে বলে স্বীকার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনস্যুলার) আবদুর রব। তিনি বলেন, সত্যায়নের কাজ করতে গিয়ে তাঁরা এমন কিছু কাগজপত্র বিভিন্ন সময় পেয়েছেন, যা জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। যার সঙ্গে নোটারি পাবলিকের দায়িত্বে থাকা আইনজীবীরা জড়িত। এই জালিয়াতি প্রতিরোধ করতে আট মাস আগে বর্তমান রীতি চালু করা হয়। এতে সাধারণ মানুষের এক জায়গায় বেশি যেতে হলেও কাগজপত্রে গলদ থাকার আশঙ্কা কমে যাচ্ছে।