যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে ২০ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত সারা দেশে প্রচার ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। বাংলা নতুন বছরের প্রথম দিনে গত রোববার শাহবাগে মহাসমাবেশ করে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ এপ্রিল সারা দেশে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় মতবিনিময় সভা, জামায়াতকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া শুরুর দাবিতে ২৯ এপ্রিল বেলা ১১টায় আইন মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি, ১ মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবসে শাহবাগে শ্রমিক মহাসমাবেশ। পরে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ৪ মে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি তুলে ধরবেন শাহবাগের আন্দোলনকারীরা।এদিকে গত রোববার বিকেল পাঁচটা ৩০ মিনিট থেকে পাঁচটা ৩৩ মিনিট পর্যন্ত তিন মিনিট হাজারো মানুষের অংশগ্রহণে হাতে হাত বেঁধে সম্প্রীতির বন্ধন রচনা করেন তরুণেরা। গণজাগরণ মঞ্চের আহ্বানে এই সম্প্রীতি বন্ধনের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা সাতটায় শুরু হয় মহাসমাবেশ।মহাসমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘আমাদের প্রেরণার সুর, আমাদের প্রাণের জাতীয় সংগীত; আমাদের হূদয়কাব্যের উজ্জ্বল উপমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের সকল কিছুর সুনির্দিষ্ট সংজ্ঞায়ন, সকল শুভবোধের সূচনা।’ এতে ব্লগার ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও বক্তব্য দেন।এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগে মঙ্গলপ্রদীপ ও মোমবাতি তুলে ধরে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন গণজাগরণ মঞ্চের নেতারা। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ছাড়াও ওই কর্মসূচিতে হাজারো মানুষ যোগ দেয়।এদিকে বর্ষবরণ উপলক্ষে রোববার সকাল ছয়টায় গণজাগরণ মঞ্চ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং সকাল নয়টায় চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায়ও অংশ নেয়।এ ছাড়া গতকাল সোমবার গণজাগরণ মঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বাউল, জারি, সারি, ভাটিয়ালি ও পল্লিগানের পাশাপাশি কবিতা আবৃত্তি হয়।