আইন মানছে না তাই মৃত্যুকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান কিংবা পঙ্গুত্ব বরণ করেন। কারণ, আমাদের দেশের শ্রমজীবী মানুষের জীবনের দাম বাজারে পণ্যের কেনাবেচা দামের মতোই। যদি প্রশ্ন করা হয়, এ দেশে একজন ব্যক্তি কখন মানুষ হিসেবে বাঁচার অধিকার হারায়, এককথায় সবাই উত্তর দেবে—যখন কেউ পোশাকশ্রমিক হিসেবে কাজ করে। দেশের সম্ভাবনাময় এই শিল্পের মূল চাবিকাঠি যাঁরা, সেই শ্রমিকদের জন্য যে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকা দরকার, খুব কম মালিকই সেটা নিশ্চিত করেছেন এবং সে কারণেই আজ নিশ্চিন্তপুরের এই ঘটনা। ২০০৬ সালে শ্রমিক-মালিকের সম্পর্ক এবং শ্রমিকদের কল্যাণার্থে বিগত শ্রমসম্পর্কিত সব আইনের সংশোধন এবং সংহতকরণকল্পে প্রণীত বাংলাদেশ শ্রম আইন-২০০৬-করেছে সরকার। কিন্তু আইনে সেসব নিয়মনীতি পালন ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে, তার বাস্তবায়ন খুব কমই আছে। শ্রমিকদের নিরাপত্তার জন্য আইন অনুযায়ী কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে অগ্নিকাণ্ডের সময় কীভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। এসব কাজ তদারকির জন্য পরিদর্শকেরা রয়েছেন এবং কোনো কারখানা কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘন করলে তাঁরা আইন অনুসারে ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু তাঁরাও নিজেদের দায়িত্ব পালনে কতটা আন্তরিক, সেটাও প্রশ্নসাপেক্ষ। আমাদের দেশে এ রকম দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আবার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। আইন বলে দিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারালে প্রত্যেককে এক লাখ টাকা আর চিরপঙ্গুত্বের জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা দিতে হবে। সে হিসেবে কারখানার মালিককে দুই থেকে আড়াই কোটি টাকার মতো ক্ষতিপূরণ দিলেই চলে। কিন্তু একটা জীবনের দাম কি মাত্র এক লাখ টাকা? আইনের ফাঁকফোকর আর কার্যকর প্রয়োগের অভাবে দুর্ঘটনা ঘটলেও মালিকদের যেন কোনো ক্ষতি নেই। শ্রম আইন লঙ্ঘনের কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটলে শাস্তি হিসেবে চার বছরের কারাদণ্ড কিংবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা আছে। কিন্তু অপরাধ হিসেবে এই শাস্তি নিতান্তই কম। তার পরও যদি একটিও দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করা যায়, তাহলে হয়তো আমাদের নিশ্চিন্তপুরের মতো লাশের মিছিল আর দেখতে হবে না।শ্রম আইনে শ্রমিকদের নিরাপত্তার বিধান যেভাবে আছে: অগ্নিকাণ্ড-সম্পর্কিত সতর্কতাশ্রম আইনে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থার মাধ্যমে কাজ করার উপযোগী স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা রয়েছে। কোনো কারণে কারখানায় অগ্নিকাণ্ড ঘটলে শ্রমিকেরা যাতে দ্রুত বের হয়ে যেতে পারেন, সে জন্য প্রত্যেক তলার সঙ্গে সংযোগরক্ষাকারী অন্তত একটি বিকল্প সিঁড়িসহ বাইরে বের হওয়ার পর্যাপ্ত উপায় এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। যদি কোনো পরিদর্শকের কাছে মনে হয় যে কোনো কারখানায় বাইরে বের হওয়ার এমন কোনো ব্যবস্থা নেই, তাহলে তিনি মালিকের ওপর লিখিত আদেশ জারি করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করবেন। কারখানায় কাজ চলাকালীন কোনো অবস্থাতেই বহির্গমনের পথ তালাবদ্ধ কিংবা আটকে রাখা যাবে না এবং শ্রমিকেরা যাতে দ্রুত বের হতে পারেন, সে জন্য এই পথগুলোকে স্পষ্টভাবে লাল কালি দ্বারা বাংলা অক্ষর দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে চিহ্নিত রাখতে হবে, যাতে শ্রমিকেরা সহজেই তা চিনে নিতে পারেন। কারখানায় আগুন লাগলে বিপদ সম্পর্কে হুঁশিয়ারি সংকেত বাজাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের নিচতলায় গুদামঘর থাকে এবং ওপরের তলায় ১০ জন বা ততোধিক শ্রমিক কাজে নিয়োজিত থাকেন, তবে আগে থেকেই আগুন লাগলে কীভাবে তারা বাইবে বের হবেন, সে সম্পর্কে তাঁদের জানিয়ে রাখতে হবে এবং দরকার হলে পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে। যেসব কারখানায় ৫০ বা তার বেশি শ্রমিক কাজ করেন, সেসব কারখানায় প্রতিবছর অন্তত একবার অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করা মালিকপক্ষের দায়িত্ব এবং এ রকম মহড়ার জন্য তারা একটি রেকর্ড বুক সংরক্ষণ রাখবে। দুর্ঘটনার তদন্তযদি কোনো কারখানায় মারাত্মক দুর্ঘটনা ঘটে, যার কারণে প্রাণহানি বা শারীরিক জখম হয়, তাহলে মালিককে পরবর্তী দুই দিনের মধ্যে পরিদর্শককে দুর্ঘটনা সম্পর্কে নোটিশ দিতে হবে। সরকার যদি মনে করে, এ রকম কোনো দুর্ঘটনার কারণ বা পরিস্থিতি সম্পর্কে তদন্ত হওয়া প্রয়োজন তাহলে কোনো যোগ্য ব্যক্তিকে তদন্ত করার দায়িত্ব দিতে পারবে এবং আইন বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন অন্য কোনো ব্যক্তিকে তদন্তকালে পরামর্শক হিসেবে কাজ করার জন্য নিয়োগ দেবে। সরকার-নির্ধারিত সময় ও পন্থায় সেই রিপোর্ট প্রকাশ করবেন। দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণ প্রদানশ্রম আইনে কোনো দুর্ঘটনার কারণে শ্রমিকের ক্ষতি হলে মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। শ্রম আদালত যদি কোনো সূত্র থেকে খবর পান, চাকরি চলাকালীন দুর্ঘটনার কারণে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছেন, তবে আদালত সেই মালিকের কাছে একটি নোটিশ দেবেন এবং নোটিশ জারির ৩০ দিনের মধ্যে মালিককে নির্ধারিত ফরমে শ্রমিকের মৃত্যুর কারণ, পরিস্থিতি এবং তিনি ক্ষতিপূরণ দিতে বাধ্য কি না, তা উল্লেখ করে আদালতের কাছে জমা দেবেন। যদি তিনি মনে করেন যে ক্ষতিপূরণ দিতে তিনি বাধ্য তবে নোটিশ জারির ৩০ দিনের মধ্যে তা জমা দেবেন। যদি তিনি উল্লেখ করেন ক্ষতিপূরণ দিতে তিনি বাধ্য নন, তবে তার কারণ উল্লেখ করবেন এবং আদালত এ ক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত করতে পারবেন। আইন অনুসারে, শ্রমিক দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করলে তাঁকে এক লাখ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক একজন শ্রমিককে এক লাখ ২৫ হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যে ক্ষেত্রে জখমের ফলে অস্থায়ী অক্ষমতা ঘটে, সে ক্ষেত্রে মাসিক হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদকাল হবে সুস্থ হওয়ার সময়কাল পর্যন্ত অথবা এক বছর। এ ক্ষেত্রে মাসিক মজুরি বলতে এক মাসের জন্য প্রদেয় মজুরিকে বোঝাবে। মজুরি হিসাবের পদ্ধতি হলো, যদি কোনো শ্রমিক দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণে বাধ্য কোনো মালিকের অধীনে দুর্ঘটনা ঘটার দিন থেকে আগের ১২ মাস কাজ করে থাকেন তবে ওই ১২ মাসে তাঁকে দেওয়া মোট মজুরির ১২ ভাগের এক ভাগ তাঁর এক মাসের মাসিক মজুরি। আর যদি তিনি এক মাস সময় ধরে কাজে নিয়োজিত থাকেন তবে তাঁর মাসিক মজুরি হবে দুর্ঘটনার আগের ১২ মাসে একই মালিকের অধীনে নিয়োজিত তাঁর মতো অন্য একজন শ্রমিকের অর্জিত আয়ের মাসিক গড়ের সমান। মালিককে এই ক্ষতিপূরণ থোক অর্থ দিয়ে পরিশোধ করতে হবে এবং মালিক তা না দিলে শ্রম আদালতের মাধ্যমে তাঁকে পরিশোধ করতে বাধ্য করা যাবে। দুর্ঘটনার কারণে মৃত শ্রমিককে মালিক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ শ্রম আদালতে জমা দিতে পারে। শ্রমিক কর্মকালীন সময়ে কোনো উত্তরাধিকার মনোনীত না করে যান, তবে ক্ষতিপূরণ সরাসরি পরিশোধ করা হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে ধরে নেওয়া হবে। তবে মৃত শ্রমিকের কোনো পোষ্যকে মালিক ক্ষতিপূরণ বাবদ অগ্রিম অর্থ দিতে পারবেন এবং শ্রম আদালত সেই পোষ্যকে প্রদেয় ক্ষতিপূরণ থেকে অগ্রিম কেটে রেখে তা মালিককে ফেরত দেবেন। যদি কোনো উত্তরাধিকার না পাওয়া যায়, তবে শ্রম আদালত ক্ষতিপূরণ হিসাবে জমা অর্থ অন্যূন দুই বছর অপেক্ষা করার পর অবণ্টিত অর্থ শ্রমিকদের কল্যাণের জন্য নির্দিষ্ট কোনো তহবিলে হস্তান্তর করবেন। তবে এ ক্ষেত্রে তা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে করতে হবে।