আইন মানলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ‘প্রতিবছর আমরা সড়ক দুর্ঘটনায় সাত হাজার লোক হারাই। একটু সচেতন হলে তা কমিয়ে আনতে পারি। শুধু আইন করে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়, আমাদের সচেতন হতে হবে। সবাইকে আইন মানার সংস্কৃতি ধারণ, লালন ও পালন করতে হবে। তবেই আমরা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারব।’আজ বুধবার দুপুরে গুলশানে দ্য গ্যালারি মিলনায়তনে মটরসাইকেল চালকদের নিয়ে সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।কোজিটো মার্কেটিং সলিউশনস তাদের ‘থিংক’ কার্যক্রমের আওতায় হেলমেট শিরোনামে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে মটরসাইকেল চালকদের সচেতন করতে বিভিন্ন স্লোগান সম্বলিত আলোকচিত্র স্থান পেয়েছে। অনুষ্ঠানে কোজিটোর ব্যবস্থাপনা পরিচালক রাজীব হাসান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোজিটোর চিফ মার্কেটিং অফিসার মইন তারেক, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী প্রমুখ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কোজিটো মার্কেটিং সলিউশনস এ প্রদর্শনীর আয়োজন করেছে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে এবং তা সবার জন্য উন্মুক্ত। বেনজির আহমেদ বলেন, ‘ধার্মিক মনে (রিলিজিয়াস মাইন্ড) আমাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। একজন মুসলমান রোজা রেখে যেমন গোসলের সময় পানি পান করেন না, ঠিক তেমনি আমরা ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব।’বেনজির আহমেদ আরও বলেন, সারা দেশে প্রায় ১২ লাখ মোটরসাইকেল রয়েছে। মোটরসাইকেলের কারণে প্রতিবছর চার হাজার দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রথমে আঘাত পায় মাথা। মাথায় হেলমেট থাকলে এ ক্ষেত্রে হতাহতের পরিমাণ কমিয়ে আনা যায়। তাই মোটরসাইকেল চালানোর সময় আরোহী এবং এর যাত্রীদের তিনি হেলমেট পরার আহ্বান জানান। রাজীব হাসান চৌধুরী বলেন, ‘আমাদের চারপাশে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা একটু সচেতন হলেই তা কমিয়ে আনতে পারি। হেলমেট না পরার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারে সচেতন করতেই আমাদের এ আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কাজ করছি। প্রতি দু-তিন মাস পরপর আমরা এমন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করব।’