আইন লঙ্ঘন করে কারাগারে ৫৭ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানোর বয়সে ওদের স্থান হয়েছে কারাগারে। দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৫৭টি শিশু আটক আছে। অথচ শিশু আইন ১৯৭৪ অনুযায়ী কোনো শিশুর একটি রাতও সেখানে কাটানোর কথা নয়। হাইকোর্ট এ ব্যাপারে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও আইনটির যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। ফলে, কারাগারে বন্দী হয়ে পড়ছে এ রকম অনেকের শৈশব।সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ১৮ মে পর্যন্ত দেশের কারাগারগুলোতে থাকা ৫৭টি শিশুর মধ্যে ১৭টির বয়স ১৬ বছরের কম। ১৬-১৮ বছর বয়সী আছে ৪০ জন।অপরাধের শিকার বা দোষী সাব্যস্ত হওয়া শিশুদের কারাগারে না রেখে সরকারের তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা। মোট ৫০০টি আসনের তিনটি (কিশোরীসহ) উন্নয়ন কেন্দ্রে গত এপ্রিল পর্যন্ত শিশুর সংখ্যা ছিল ৩৩২।কারাবন্দী শিশু-কিশোরদের মুক্তিবিষয়ক একটি জাতীয় টাস্কফোর্সের সভা হওয়ার কথা দুই মাস পরপর। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে এ টাস্কফোর্সের সভাই হচ্ছে না। জেলা ও উপজেলা পর্যায়ের টাস্কফোর্সের অবস্থাও একই রকম।তবে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, ‘শিশু আইন বাস্তবায়নে এখনো অনেক সীমাবদ্ধতা আছে। যেমন, ঝামেলা এড়ানোর জন্য শিশুর বয়স গোপন করছে পুলিশ। দলবদ্ধ অপরাধে জড়িত শিশুকে আদালতে উপস্থাপন করা হচ্ছে না। এ ছাড়া অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার স্বল্পতার কারণে যথাযথ নজরদারি সম্ভব হচ্ছে না। তবে বর্তমানে আদালত শিশুদের বিষয়ে অনেক সচেতন। কারাবন্দী শিশুর সংখ্যাও কমে এসেছে।’ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, এখানে বর্তমানে কোনো শিশুবন্দী নেই।অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের সমাজকল্যাণ কর্মকর্তা মো. মামুন আল কবীর প্রথম আলোকে বলেন, শিশু আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে বিচারকের অভাব, কিশোর উন্নয়ন কেন্দ্রের বেশির ভাগ মামলা বিচারাধীন থাকা এবং সমাজসেবার প্রবেশন কর্মকর্তার কার্যক্রম ব্যর্থ হওয়ায় আইনটি বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হচ্ছে।আইনের খসড়া: গত বছর সর্বশেষ মন্ত্রিপরিষদের সভায় শিশু আইনের খসড়া নীতিগত অনুমোদন পায়। বর্তমানে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন বেগম।১৯৭৪ সালের আইনে ১৬ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছিল। বর্তমানের খসড়ায় ১৮ বছরের নিচে সবাইকে শিশু বলা হয়েছে। তবে দণ্ডবিধি অনুযায়ী, নয় বছরের নিচের বয়সী শিশুকে কোনো আদালতে বিচারের জন্য না পাঠানো, ১২ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তারের সময় বল প্রয়োগ বা বিচার-প্রক্রিয়ার কোনো পর্যায়েই হাতকড়া ব্যবহার করা যাবে না। যেদিন অপরাধ সংঘটিত হবে, ওই তারিখটি শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ হবে।খসড়ায় শিশু কল্যাণ বোর্ড, শিশুসাক্ষীর সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা, পারিবারিক সম্মেলন প্রভৃতি বিষয় নতুনভাবে উপস্থাপন করা হয়। খসড়া অনুযায়ী, দোষী সাব্যস্ত শিশু, অপরাধের শিকার বা সাক্ষী হিসেবে আইনের সংস্পর্শে আসা অথবা অবহেলিত শিশুদের সুরক্ষায় আইনটি প্রযোজ্য হবে। শিশুদের প্রথমে বাবা-মাসহ পারিবারিক পরিবেশে রেখে পরিচর্যা করতে হবে। শিশুকে কারাদণ্ড বা আটক না করে এবং ফৌজদারি কার্যক্রমের পরিবর্তে বিকল্প পন্থা নিশ্চিত করতে হবে।আইন অনুযায়ী, শিশুরা মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে দণ্ডিত হবে না। শিশুকে আটক রাখার আদেশ হবে আদালতের দণ্ড দেওয়ার সর্বশেষ পন্থা এবং তা হবে যথাসম্ভব কম সময়ের জন্য। শিশুকে শারীরিক শাস্তি দেওয়া যাবে না। আটক থাকা অবস্থায় কোনো প্রাপ্তবয়স্ক কয়েদির সঙ্গে মেলামেশা করতে না দেওয়া, ছেলে ও মেয়েদের আলাদা এবং প্রাপ্তবয়স্ক নারীর তত্ত্বাবধানে রাখতে হবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী প্রমাণিত হলে শিশু-আদালত যা যথার্থ মনে করেন, তা আদেশ দিতে পারবেন। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গুরুতর মামলায় অভিযুক্ত না হলে প্রত্যয়িত প্রতিষ্ঠান থেকে শিশুকে মুক্তি দেওয়া হবে। গুরুতর মামলায় অভিযুক্ত শিশুদের ১৮ বছর পূর্ণ হয়ে গেলে এবং মামলাটি বিচারাধীন অথবা আদালতের আদেশ অনুযায়ী আটকাদেশের মেয়াদ শেষ না হয়ে থাকলে প্রত্যয়িত প্রতিষ্ঠান তাদের কেন্দ্রীয় বা জেলা কারাগারে পাঠিয়ে দেবে। কোনো শিশু প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে কোনো অপরাধ করে থাকলে এবং মামলাটি অন্য কোনো আদালতে উপস্থাপন করা হলেও শিশুর অংশটুকু শিশু-আদালতে স্থানান্তর করতে হবে। কোনোভাবেই প্রাপ্তবয়স্কদের সঙ্গে শিশুর বিচার করা যাবে না।এই আইনে কোনো শিশু সম্পর্কে ‘অপরাধী’ বা ‘দণ্ডিত’ বা ‘দণ্ডাদেশ’ শব্দগুলো ব্যবহার করা যাবে না।সুরক্ষা: মামলা বা কার্যধারার শুনানির যেকোনো পর্যায়ে শিশু-আদালত শিশুর হাজিরা মাফ করে তার অনুপস্থিতিতেই কার্যক্রম চালাতে পারবেন। শিশুর পক্ষে আইনগত প্রতিনিধিত্ব ছাড়া কোনো আদালত মামলার বিচারকাজ পরিচালনা করবেন না। আদালতে বসার জায়গা, সাক্ষাৎকার গ্রহণ থেকে শুরু করে সর্বত্রই শিশুবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।আদালতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার বিষয়টিকে আইনে গুরুত্ব দেওয়া হয়েছে।বিচার: আদালতে প্রথম উপস্থিত হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে। এ সময়ে না হলে ৩০ দিন বাড়ানো, তবু না হলে আরও ৩০ দিন বাড়ানো যাবে। এ সময়ের মধ্যে বিচারকাজ শেষ না হলে এবং শিশুটি গুরুতর অপরাধ না করে থাকলে সংশ্লিষ্ট অভিযোগ থেকে ছাড়া পাবে। আইনে শিশু-আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের ব্যবস্থা রাখা হয়েছে।বিশেষ যত্ন ও সুরক্ষা: ভিক্ষাবৃত্তিতে জড়িত, অভিভাবকহীন, দুস্থ, অপরাধীর সহকারী, যৌন নির্যাতন বা হয়রানির শিকার, এতিম, প্রতিবন্ধী ও বিশেষ দেখভালের দাবি রাখে—এমন শিশুদের সুরক্ষার বিষয়টি আইনে নিশ্চিত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক কেউ (বাবা-মাসহ) শিশুকে দিয়ে যৌনকাজ করালে, ভিক্ষা করালে, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করাসহ বিভিন্ন কারণ ঘটালে আইনে জেল-জরিমানা ও অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা: সংবাদ প্রকাশের ফলে শিশু-আদালতের কোনো মামলায় বা কার্যধারায় জড়িত কোনো শিশুর পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকলে তা গণমাধ্যম প্রকাশ করবে না এবং শিশুর ছবি ছাপবে না। কেউ এ সংবাদ প্রকাশ করলে এক বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।